ঠিক কী হয়েছিল কুয়েত মৈত্রী হলে?
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরুর আগেই বাক্সে ভোট দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই হলের প্রভোস্টকে অবরুদ্ধ রাখার পাশাপাশি তাকে বরখাস্তও করা হয়। এ ঘটনায় ওই হলে তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর বেলা ১১টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান জানান, এই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত।
মূলত কী হয়েছিল কুয়েত মৈত্রী হলে? যার কারণে ওই কেন্দ্রে তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। ওই ঘটনার বর্ণনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।
ঢাবির এক শিক্ষার্থী জানান, ‘আজ আমাদের সকাল ৮টা থেকে ভোট হওয়ার কথা ছিল। যেহেতু ব্যালট পেপার স্টিলের এবং অস্বচ্ছ। সেহেতু আমাদের দাবি ছিল, আমরা আগে ব্যালট পেপার দেখবো, ব্যালট বাক্স খালি কি না তারপর আমরা ভোটটা দেবো। ’
তিনি বলেন, ‘আমরা ৭টা ৪০ মিনিট থেকেই প্রভোস্ট ম্যাডামসহ প্রশাসনকে জানিয়েছিলাম, আমরা এটা দেখতে চাই। তখন ম্যাডাম জানালেন, কোন হলে এটা হচ্ছে না। আমরা খোঁজ নিয়ে দেখলাম, অনেক হলে এটা দেখানো হচ্ছে। পরে আমরা উনাকে জানালাম, ম্যাম কেন আমাদের এটা দেখানো হবে না। ম্যাডাম বললো, আমাকে প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। এভাবে ৭টা ৪০ থেকে ৮টা ৪০ পর্যন্ত ছিল। এর মধ্যে আমাদের প্রক্টর স্যার আসলো। ‘
ভোটকেন্দ্রে একটি বড় রিডিং রুম আছে জানিয়ে ওই ছাত্রী বলেন, ‘এর মধ্যস্তলে একটি দরজা আছে। সেখান থেকে ভোটকেন্দ্রে আসা যায় এবং ভোটকেন্দ্রে যাওয়া যায়। এবার এর ফ্রন্ট সাইডে যে দরজা আছে সেই দরজায় আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি তালা দিয়ে গিয়েছিলাম। এই চাবিটা আমাদের কাছেই আছে। আজ সকাল ৮টা পর্যন্ত যখন আমাদের ব্যালট বাক্স দেখাতে ম্যাডাম আমতা আমতা করছিল হঠাৎ আমরা দেখি মাঝখানের দরজাটি খোলা হয়েছে। যেটার চাবি আমাদের কাছে এবং ভোটকেন্দ্র থেকে কিছু বস্তা টেনে নিয়ে গেছে। ’
তিনি বলেন, ‘আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কিসের বস্তা। ততক্ষণে শিক্ষার্থীরা দৌঁড়ে সেখানে গেল। এর মধ্যেই দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তখন আমরা তালা ভেঙে দেখলাম বস্তার মধ্যে এইভাবে কিছু ব্যালট পেপার আছে, যেগুলো এরই মধ্যে ভোট দেওয়া হয়ে গেছে।’
কী পরিমাণ কাগজ পেয়েছেন- এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুই-তিন বস্তা বের করতে পেরেছি। আপনারা দেখেছেন অলরেডি। ভিতরে যে কী পরিমাণ আছে …আমরা ওয়াশরুম পর্যন্ত পৌঁছতে পারিনি। আমি নিজের চোখে দেখেছি, তারা অডিটোরিয়াম থেকে পাশে যে রিডিংরুমের ওয়াশরুম সেখানে ম্যাম নিজের নির্দেশে বস্তা পাচার করছেন। ওইটা দেখার পর আমরা সামনে এসে দেখি এগুলো এর মধ্যেই বের করে ফেলা হয়েছে। ’
ওই ছাত্রী বলেন, ‘এই পেপারগুলো বের করার পরই তারা আমাদের খালি ব্যালট বাক্স দেখাচ্ছে। তারা বলছে, দেখ এগুলো খালি। কিন্তু ততক্ষণে এগুলো আমাদের হাতে এসেছে। ’
ছাত্রী আরও বলেন, ‘ভিতরের তালাটি আমরা নিজ দায়িত্বে লাগিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ওই তালা লাগিয়েছিলাম। কিন্তু সেই তালা তারা নিজেরাই খুলেছে। গতকাল রাতে ম্যাম আমাদের নিশ্চয়তা দিয়েছিলেন, যাতে আমরা ওই তালা লাগাতে পারি। পরে আমরা ম্যামের উপস্থিতিতে তালা লাগাই। কিন্তু ম্যাম এই তালা খুলে ব্যালট বাক্সে পাচার করছেন। উনি কালক্ষেপণ করেছেন শুধুমাত্র এগুলো (ব্যালট পেপার) সরানোর জন্য। ’
ব্যালট পেপার দেখিয়ে ওই ছাত্রী বলেন, ‘এগুলো ব্যালট বাক্সে ছিল। যখন আমরা দাবি জানিয়েছি, ব্যালট বাক্স দেখতে চাই। তখনই তারা এটা সরানোর চেষ্টা করেছে এবং পরে আমরা পেছন থেকে এটা সিওর হই যে তারা এগুলোই সরাচ্ছিল। ’
এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাইলে ওই ছাত্রী বলেন, ‘ম্যাম আগাগোড়াই আমাদের সঙ্গে কোনো কথাই বলেননি। ব্যালট পেপার পাওয়ার পর আমরা তার চেহারাও দেখিনি। তখন আমাদের সিনিয়র এক টিচার এসে বলেছেন, যেহেতু এটা হয়ে গেছে তাহলে এটার করণীয় কি? তাহলে আমরা এগুলো বাদ দিয়ে পুরণায় ভোটগ্রহণের ব্যবস্থা করি। ’
‘কিন্তু আমরা এই ভোট মানি না। তারা নিরাপত্তা দিতে পারেনি। এখনও তারা নিরাপত্তা দিতে পারবে না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়’, বলেন ওই ছাত্রী।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হয়েছে সাত বার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দৈ.আ.স










