ইন্টারনেট স্বাধীনতায় পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক :স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অগ্রগতি ক্রমশ বাড়ছে। সেই অগ্রগতির তালিকায় এবার যুক্ত হলো আরও একটি অধ্যায়। ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল স্বাধীনতার দিক থেকে পাকিস্তানের চেয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের সর্বশেষ ওয়েব ইনডেক্সে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, ইন্টারনেট স্বাধীনতায় পাকিস্তানীদের চেয়ে বাংলাদেশীরা অন্তত ১৩ ধাপ এগিয়ে।
৮৬টি দেশের ইন্টারনেট সংযোগ ও স্বাধীনতা নিয়ে প্রকাশিত ওই ওয়েব ইনডেক্সটির শিরোনাম ‘দ্য ওয়েব এ্যান্ড রাইজিং গ্লোবাল ইনইকুয়ালিটি’ । দেশের কত শতাংশ মানুষ ইন্টারনেট সংযোগের আওতায় আছে, ইন্টারনেটে বাক ও প্রকাশ স্বাধীনতায় সরকারি খবরদারি কেমন—ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ইনডেক্সটি তৈরি করা হয়েছে।
ওই ইনডেক্সে ‘ওভারভিউ অব র্যাংকিংস’ অংশে দেখা গেছে, ডিজিটাল স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ৬৩তম। আর পাকিস্তান ৭৬তম। যদিও এই স্বাধীনতা যথেষ্ট নয়। কারণ, ৮৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৩তম। তার মানে, পাকিস্তানের থেকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা বেশি স্বাধীন হলেও আসলেই গর্ব করার মতো স্বাধীন নয়। প্রাপ্ত নম্বরের খবর দিলেই বিষয়টি পরিষ্কার হবে।
মোট ১০০ নম্বরের ভিত্তিতে ৮৬টি দেশকে বিচার করা হয়েছে। বাংলাদেশ পেয়েছে মাত্র ২৮ নম্বর। মানে স্কুল-কলেজের পরীক্ষার হিসেবেও পাস মার্ক (অন্তত ৩৩) নয় এটা। পাকিস্তান তো আরও কম নম্বর পেয়েছে। দেশটির প্রাপ্ত নম্বর মাত্র ১৭.৭৬। ভারতের অবস্থান বাংলাদেশের চেয়ে ভাল। ৪৪.৬ পেয়ে দেশটি আছে ৪৮তম অবস্থানে।
ইন্টারনেট স্বাধীনতায় প্রথম সারিতে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে। এ সব দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেনমার্ক পেয়েছে একশতে একশ। উল্লেখ্য, এই ইনডেক্সে সাধ্যের মধ্যে ইন্টানেট সংযোগ পাওয়া সব মানুষের মৌলিক অধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন টিম বার্নার্স লি।
প্রসঙ্গত, বাংলাদেশের চেয়ে এক ধাপ খারাপ করেছে সৌদি আরব। ২৭.৭২ পেয়ে দেশটির অবস্থান ৬৪তম। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে নেপাল; ২৩.৯৫ পেয়ে দেশটির অবস্থান ৬৯তম। ওয়েব ইনডেক্সের একেবারে তলানিতে আছে ইয়েমেন, মিয়ানমার ও ইথিওপিয়া। ইথিওপিয়া তো পেয়েছে ‘শূন্য’।











