মাহফিল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে : আহত ২০ মসজিদসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামে তাফসির মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুসুল্লীসহ ২০জন আহত হয়েছে। এসময় একটি মসজিদ, মাদ্রাসা ও মেম্বারের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাসুদেব ইউনিয়নে মাহফিলের পক্ষে (কাওমীপন্থী) বাসুদেব গ্রাম ও মাহফিল বিরোধী (সুন্নীপন্থী) ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। মাহফিল কমিটির লোকজন জানায়, ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়াসহ তাদের লোকজন মাহফিল আয়োজনে বাঁধা দিতে গত বৃহস্পতিবার রাতে বাসুদেব গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে একটি মাহফিলের আয়োজন করে। সদর থানা পুলিশ ও বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ তাদেরকে ইউনুছ মিয়ার বাড়িতে মাহফিল করতে নিষেধ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাসুদেব গ্রামের লোকজন গ্রামে ২৪ বছর ধরে মাহফিলের আয়োজন করে আসছে। শনিবার বাসুদেব গ্রামবাসীর উদ্যোগে বাসুদেব উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিলের উদ্যোগ নেয়। তারা প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়েছে। গত শুক্রবার রাতে ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়ার নেতৃত্বে লোকজন বাসুদেব গ্রামের ইউনুছ মিয়ার সহযোগিতায় ভাতশালা রেলস্টেশন এলাকায় তাসফিসের তোরণ ভেঙ্গে ফেলে। হামলাকারীরা বাসুদেব গ্রামের মেম্বার আবুল কাসেমের বাড়িতে ভাঙচুর করে নগদ ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ দুটি গাভী লুট করে নিয়ে যায়। এসময় তারা বাসুদেব বাইতুল মামুর জামে মসজিদে হামলা চালিয়ে জানালা, দরজা ভাংচুর ও এশার নামাজ পড়তে যাওয়া কয়েকজনকে মুসল্লীকে মারধর করে এবং এমদাদুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার ক্যাশ বাক্সে রক্ষিত ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এদিকে কোরআন তাফসির মাহফিল বিরোধী ইউনুছ মিয়া, তার দুই ছেলে সজিব মিয়া ও রাজিব মিয়া, ভাই আলী জাহান তাদের আরেক ভাই কোরআন তাফসির মাহফিল সমর্থক হেলেম মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে হেলেম মিয়ার লোকজনও তাদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায় অন্তত ২০ আহত হয়। আহতদের মধ্যে আসাদ (৫৫), আব্দুল কাদের (২২), সৌরভ (২০), আলী জাহান (৫৫), সোমা (২৫), রুমা (২১), মীম (১৭) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসুদেব ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন বলেন, তাফসির মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। মসজিদ কে বা কারা ভাংচুর করেছে তা জানি না।











