জেলা আওয়ামী লীগে সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন এ্যাড. কামরুজ্জামান আনছারি
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর পর আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটি সহ সম্পাদক ও আশুগঞ্জের কৃতি সন্তান এ্যাড. কামরুজ্জামান আনছারি। সম্মেলনকে ঘিরে তিনি ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছেন, পাশপাশি তিনি ব্যাপক গণসংযোগও চালিয়ে যাচ্ছেন।
এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মাঠ কাপানো ছাত্রনেতা হিসাবে এ্যাড.কামরুজ্জামান আনছারির সারাদেশে ব্যাপক পরিচিতি রয়েছে। ৯০’ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম সারিতে থেকে নেতেৃত্ব দিয়েছেন। এছাড়া দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে রাজপথে নেতেৃত্বে ছিলেন এ্যাড. কামরুজ্জামান আনছারি। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যখন ১/১১ এর সরকার গ্রেফতার করে কারাগারে নিয়ে যাচ্ছিলেন তখন হাতে গোণা যে কয়েকজন নেতা রাজপথে জীবনবাজি রেখে গাড়িবহর অবরোধ করেছিল তার মধ্যে এ্যাড. কামরুজ্জামান আনছারি ছিলেন অন্যতম। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে ৯১’ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সম্মেলনে প্রার্থী হওয়া নিয়ে এ্যাড. কামরুজ্জামান আনছারি বলেন, জেলা আওয়ামী লীগে যারা অতীতে নেতেৃত্বে ছিলেন তারা আমাদের গৌরব আর ঐতিহ্যের ব্যাক্তিবর্গ। আমরা চাই শীর্ষ দুই পদে যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন তারাই নেতেৃত্বে আসুক। তিনি আরও বলেন, সম্মেলনের সম্মানীত কাউন্সিলর ডেলিগেট চাইলে আমি সাধারণ সম্পাদক হতে পারলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী এবং গৌরব ফিরে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।











