যা খেলে মূত্রনালির সংক্রমণ কমবে
নিউজ ডেস্ক : নিজেদের অসাবধানতা ও অসতর্কতার কারণে যে সব অসুখ হয়, তার মধ্যে অন্যতম মূত্রনালির সংক্রমণ। সাধারণত মূত্রনালির কোনো অংশে জীবাণুর সংক্রমণ হলে চিকিৎসকরা একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকেন। কিডনি, মূত্রনালি, মূত্রথলি বা একাধিক অংশেই এই ধরণের সংক্রমণ হতে পারে।
অনেকের ধারণা, সাধারণত নারীদেরই মনে হয় এই রোগ বেশি হয়। কিন্তু কিডনি বিশেষজ্ঞরা বলেন, ইউরিনাল ট্র্যাক্ট ইনফেকশন নারীদেরই বেশি হয়, এমনটা ভেবে নেয়ার কোনো কারণ নেই। আজকাল অসতর্কতার জন্য এই ধরণের অসুখ পুরুষদেরও অনেক বেশি হচ্ছে। তবে এই সংক্রমণের শুরুতেই সাবধান হলে যন্ত্রণা অনেকটাই কমে। বেশির ভাগ ক্ষেত্রেই এই অসুখ নিয়ে আমরা সচেতন থাকি না বলে তা জটিল হয়ে পড়ে।
তাই এই অসুখ থেকে বাঁচতে জেনে নিতে হবে এর লক্ষণগুলো কী কী এবং কী খেলে এই অসুখ থেকে দূরে থাকা যাবে।
সাধারণত, এই অসুখের প্রভাবে প্রস্রাবের রং বদলে যায়। বেশ কিছু দিন ধরে গাঢ় হলুদ বা লালচে প্রস্রাব হলে সচেতন হোন।
প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করেন অনেকে। এটিও সংক্রমণেরই একটি লক্ষণ।
সংক্রমণের প্রভাবে অনেকের কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। বমি ভাবও থাকে অনেকের।
প্রস্রাবের বেগ এলেও প্রস্রাব না হওয়া বা প্রস্রাবের পরিমান অত্যন্ত কমে যাওয়াও এই রোগের কারণ।
সব সময়ই যে পেটে ব্যথা হবে এমন নয়, তবে তলপেটে একটা অস্বস্তি থাকে অনেকের ক্ষেত্রে।
এই অসুখের শিকার হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তবে এই অসুখ কমাতে আমাদের কিছু অভ্যাসের কিছু পরিবর্তন খুবই প্রয়োজন।
এই ধরণের অসুখ কমাতে শরীরের চাহিদা অনুযায়ী পানি খাওয়া অত্যন্ত প্রয়োজন। সাধারণত, যেটুকু পানি আমাদের প্রয়োজন, প্রতিদিন সেটুকুও আমরা খেতে পারি না। ফলে শরীরের জীবাণুও বের হতে পারে না।
এছাড়া সবুজ শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও ফল রাখুন খাদ্যতালিকায়। ভিটামিন সি ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে।
বিশেষ করে অন্য কোনো অসুখের জন্য আনারস খাওয়া যদি নিষেধ না হয় তাহলে আনারস খান নিয়মিত। এই ফলের ব্রোমেলাইন মূত্রপথে সংক্রমণ কমাতে অত্যন্ত কার্যকর।
প্রস্রাবের জায়গা পরিস্কার করে ধুয়ে নিন, শুধু তা-ই নয়, অপরিষ্কার অন্তর্বাস থেকেও নানা জীবাণু সংক্রমিত হয়। তাই এসব ব্যবহারের সময়ও সতর্ক থাকুন। আর রাস্তার বা যে কোনো বাথরুম ব্যবহারে সতর্ক থাকুন।










