শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

Brahmanbaria_Michil--04আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা থেকে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের সাদেকপুর পর্যন্ত এলজিইডি’র আওতাধীন ৯ কিলোমিটার রাস্তাটির পৈরতলা থেকে দাড়িয়াপুর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে দেড় ঘন্টা অবরোধ করে রাখে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের তিন ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দক্ষিণ পৈরতলা বাসষ্ট্যান্ড পর্যন্ত এই অবরোধ পালিত হয়। এ সময় রাস্তার দু’পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।
পশ্চিমাঞ্চলের লোকজন জানান, ২০১২ সালের শুরুর দিকে পৌর নাগরিকদের অসুবিধা হচ্ছে উল্লেখ পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের মানুষ উত্তর পৈরতলা থেকে দাড়িয়াপুর পর্যন্ত রাস্তাটিতে সব ধরনের মোটরযান চলাচল বন্ধ করে। এতে যাতায়ত ভোগান্তিতে পড়ে সদর উপজেলার পশ্চিমাঞ্চলের সাদেকপুর, নাটাই দক্ষিণ এবং বড়াইল ইউনিয়নের লোকজন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে তিন ইউনিয়নের প্রায় ২৫ হাজার লোক কালীসিমা উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল সহকারে শহরের প্রবেশ করে দক্ষিণ পৈরতলা বাসষ্ট্যান্ড থেকে রেলগেইট পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
মিছিলে নেতৃত্ব দেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ ইকবাল হোসেন ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক বাবুল।
এ ব্যাপারে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধান হোক। নতুবা রেললাইন অবরোধ করবো।
    এ ব্যাপারে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, রাস্তা বন্ধ করার বিষয়টি আমার জানা নেই। কেউ আমার কাছে অভিযোগও করেনি।

Brahmanbaria_Michil--03