শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ দিনের চাকুরীতেই গাড়ি!

Madushudan-2আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মধুসুদন সরকারকে সতর্ক করেছে জেলা প্রশাসন। সোমবার মধুসুদনের অফিসের এক সহকারী পাসপোর্টের ১৭ টি ফাইলসহ হাতেনাতে ধরা পড়েন নেজারত ডেপুটি কালেকটরের(এনডিসি) হাতে। প্রথমে আটক ঐ কর্মচারীকে  দালাল মনে করেন এনডিসি। পরে নিশ্চিত হন সে পাসপোর্ট অফিসের কর্মচারী। এরপরই পাসপোর্টের সহকারী পরিচালক মধুসুদন সরকারকে ডেকে নিয়ে যাওয়া হয় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(এডিএম) নাজমা বেগমের কক্ষে। সেখানে মধুসুদনের নানা অনিয়ম-দূনীর্তির বিবরন দিয়ে এডিএম তাকে শাসান। বলেন এই প্রথমবারের মতো বলে ছেড়ে দেয়া হলো। দ্বিতীয়বার আর রক্ষে নেই। রোববার দৈনিক মানবজমিনে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মধুসুদনকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টের পরই সোমবার জেলা প্রশাসনের এনডিসি সাব্বির আহমেদ সরজমিনে পাসপোর্ট অফিসের চিত্র প্রত্যক্ষ করতে সেখানে যান। তখনই এক যুবককে অনেকগুলো ফাইল হাতে নিয়ে যেতে দেখে আটক করেন। পরে তার পরিচয় পাওয়া যায়। আটক যুবকের নাম হোসেন। সে পাসপোর্ট অফিসের একজন কর্মচারী। এনডিসি  সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন আমরা এতো কিছু জানতামনা। মানবজমিনের রিপোর্ট পড়ে অবস্থা বুঝতে পেরে সোমবার ঐ অফিসে গিয়ে সাধারনের মতো অবস্থান করতে থাকি। তখন এক যুবককে এতগুলো ফাইল নিয়ে যেতে দেখে আমার সন্দেহ হয়। এরপর তাকে  আটক করি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেন পরদিন বিজয় দিবস। দিবসের কর্মসূচী নিয়ে আমরা ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে বেশীদূর যায়নি। তবে পাসপোর্টের সহকারী পরিচালককে বলে দিয়েছি আমরা নজর রাখবো। আবার ধরা পড়লে রক্ষে নেই। জেলা প্রশাসনের দায়িত্বশীল সুত্র বলেছে-ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে মধুসুদন যোগদান করার পর শতকারা ৯০ ভাগ পাসপোর্ট করা হচ্ছে দূর্নীতির মাধ্যমে। ১০ ভাগ সাধারণ লোকজন সোজাপথে পাসপোর্ট করার সুযোগ পাচ্ছেন। মধুসুদন সরকার ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে যোগ দিয়েছেন গত ২০ শে নবেম্বর। যোগদানের পরই আলোচনায় চলে আসেন এই কর্মকর্তা। সোমবার এ ঘটনার পর সরকারের একটি গোয়েন্দা সুত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করার ২৫ দিনের মধ্যে মধুসুদন সাড়ে ১০ লাখ টাকায় গাড়ি কিনে ফেলেছেন। ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে প্রতিদিন ৩/৪’শ পাসপোর্ট হয়। যার প্রায় সবই হয় দালালদের হাত ধরে। পাসপোর্ট পিছু এক হাজার টাকা করে ঢুকে সহকারী পরিচালকের(মধুসুদন) পকেটে। একদিনে ৩’শ পাসপোর্ট হলে মাসের ২২ কর্মদিবসে(ছুটি ছাড়া) পাসপোর্ট হয় ৬ হাজার ৬’শ টি প্রায়। এই হিসেবে ২২ কর্মদিবসে শুধু পাসপোর্টের সহকারী পরিচালক এর পকেটে ঢুকে ৬৬ লাখ টাকা।  
মধুসুদন এখানে যোগদানের ৩ দিন পরই শহরের কাউতলী এলাকায় তার ভাড়া করা বাসায়  পাসপোর্ট অফিসের দালালদের নিয়ে বৈঠক করেন। এরপরই ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে দালালদের তৎপরতা কয়েকগুন বেড়ে যায়। মধুসুদন প্রতি পাসপোর্টে ১ হাজার টাকা করে তাকে দেয়ার রেট নির্ধারন করে দেন।
জানা যায়,এখানে বদলী হয়ে আসতে সাড়ে ৪ লাখ টাকা দেন পাসপোর্টের এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে। মধুসুদন ব্রাহ্মণবাড়িয়া আসার আগে ছিলেন সিলেট। সেখানে তার কর্মকাল ছিলো মাত্র ২৮ দিন। ওয়াকেবহাল সুত্রমতে , সিলেটে বদলী হতে খরচ করেছিলেন আড়াই লাখ টাকা। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান-মধুসুদন রাঙ্গামাটিতে চাকুরী করেছেন একসময়। সেখানেও অনিয়ম-দূর্নীতি করেন। আমিও সেখানে কর্মরত ছিলাম বলে তাকে ভালোভাবে চিনি।