পিত্তনালির রোগ কলিডোকাল সিস্ট
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান : পিত্তনালির ইংরেজি নাম বাইল ডাক্ট। লিভার থেকে পিত্তরস বহন করে পিত্তথলিতে চলে যায়। আবার পিত্তথলি থেকে প্রয়োজনের সময় ডিওডেনামে বহন করে। এ পিত্তনালির একাধিক অসুখ হয়। এর মধ্যে কলিডোকাল সিস্ট অন্যতম। ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে এ রোগের হার প্রায় ৩ গুণ।
মেয়েটির বয়স ২৬ বছর। একদিন পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সঙ্গে পর্যাপ্ত বমি ও জ্বর। পেটের ডানপাশে একটি চাকাও অনুভব করে। চোখ হলুদ, প্রস্রাবও। চিকিৎসকের শরণাপন্ন হলে আলট্রাসনোগ্রাফি করা হয়। মোটামুটি বড় আকারের একটি সিস্ট নির্ণয় হয়, যার উৎপত্তি পিত্তনালি। আকার বড় ধরনের কমলালেবুর সমান। বিলিরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। এত বড় আকারের সিস্ট আগে কখনো কোনো লক্ষণ তৈরি করেনি। রোগটির নাম কলিডোকাল সিস্ট। এর লক্ষণ অনেক। যেমন-প্রচণ্ড জ্বর দেখা দেয়।
ধরে নেওয়া হয়, সিস্টে প্রচণ্ড ইনফেকশন হয়েছে। অনেক সময় এ সিস্ট ফেটে গেলে পেরিটোনাইটিস হয়। তখন ইমারজেন্সি অবস্থার সৃষ্টি হয়। এমন অবস্থায় সার্জারি করতেই হয়। এ ধরনের সিস্ট সাধারণত ক্যানসারে রূপ নেয়। সে কারণে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় নেই। এ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো। তিনি একাধিক পরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে পারেন। কলিডোকাল সিস্টের ক্ষেত্রে ডায়াগনোসিসের প্রয়োজন হয়। সার্জারি তো লাগেই।
এ রোগীর ক্ষেত্রে পিত্তথলি ও পিত্তনালির পুরোটা বাদ দেওয়া হয়েছে। জেজুনামের এক অংশ নিয়ে পিত্তনালির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। অপারেশনের নাম হেপাটিকোজেজুনোসটমি জেজুনোসটমি। সাত দিন পর রোগী হাসপাতাল ছেড়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে। তবে রোগীকে ফলোআপে রাখা হয়েছে, যাতে জটিলতা তৈরি হলে দ্রুত নির্ণয় করে ব্যবস্থা নেওয়া যায়। এ ধরনের রোগীদের কারও কারও এনাসটোমোটিক স্ট্রাকচার ও লিভারে পাথর হওয়ার ঘটনাও প্রমাণ পাওয়া যায়।
লেখক : অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট
সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়











