মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছরেই কোটিপতি, তবে…

news-image

এমএলএম কোম্পানিতে চাকরির নামে ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা আত্মসাত করে একটি প্রতারক চক্র। চক্রটির প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বিকালে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ বিএনএস সেন্টার বিল্ডিংয়ের ৫ম তলা হতে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম তাদেরকে গ্রেফতার করে বলে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- প্রতারক চক্রের প্রধান মোঃ নাহিদ নজরুল (২৩), মোঃ রুবেল মিয়া (১৮), মোঃ জুনায়েদ (১৯) ও মোঃ নাজমুল হোসাইন (২৪)।

এ সময় তাদের হেফাজত হতে ক্রেডিট ভাউচার বই ২টি, ডেভিট ভাউচার বই ২টি, মার্কেটিং প্রশিক্ষণ বই লেখা ১০০টি, ট্রেনিং গেট পাশ বই ২টি, সেমিনার গেট পাশ বই ৩টি এবং ৬০ জন গ্রাহক ও নমিনি কর্তৃক পূরণকৃত রেজিস্ট্রেশন ফরম ৬০টি জব্দ করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, প্রতারক চক্রের প্রধান নাহিদ তার অন্যান্য সহযোগিদের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রত্যাশীদের চাকরি দেয়ার প্রলোভন দিত। তারা প্রলোভনের ফাঁদে ফেলে আবু হানিফ নামের একজনকে উত্তরা ৯ নাম্বার সেক্টরের ২ নাম্বার রোডের ২৭ নাম্বার বাড়ির ৫ম তলায় অবস্থিত প্রতারক চক্রের লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিঃ নামক কোম্পানীতে নিয়ে আসে। হানিফকে অফিসে আনার পর চক্রের প্রধান ও কোম্পানির মালিক নাহিদের সাথে পরিচয় করে দিয়েছিলো প্রতারকরা। নামমাত্র ভাইভা নিয়ে তাকে চাকরি হয়েছে এমন নিশ্চয়তা দিয়েছিল নাহিদ। এরপর চাকরিতে যোগদান করলে থাকা, খাওয়া ও চিকিৎসা বাবদ কোম্পানীর নিয়ম অনুযায়ী ৪৯ হাজার টাকা জমা রাখতে হবে। সুপারভাইজার পদের বেতন হবে প্রায় ১৫ হাজার টাকা। এতে রাজি হয়ে হানিফ উক্ত টাকা কোম্পানিতে জমা করে চাকরিতে যোগদান করে।

তাছাড়াও রেজিস্ট্রেশন ফি বাবদ আরও ৩,৫০০/-টাকা নেয়। তখন অফিসের লোকজন আবু হানিফকে বলে ট্রেনিং শেষে তাকে কাজ বুঝিয়ে দিবে। উত্তরা আজমপুরে একটি ভাড়া বাসায় তাদের ৭/৮ জনকে একত্রে রেখে সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে। পরে অন্য একটি জায়গায় ফ্ল্যাটের ভিতরে তাদের ট্রেনিং করানো হয়। ট্রেনিংয়ে বিভিন্নভাবে লোক আনার কৌশল তাদের শেখায়। লোক নিয়ে আসতে পারলে তাদের বেতন হবে বলে জানায়। আসামীদের শেখানো কৌশল ও মানসিক চাপ প্রয়োগ করলে আবু হানিফ তার এলাকার ২ জন লোক নিয়ে আসেন। তাদের কাছ থেকে একই কৌশলে টাকা আদায় করে আটকে রাখে এবং ঐ টাকা থেকে আবু হানিফকে বেতন হিসেবে ৪ হাজার টাকা দেয়। তাকে আরও লোক নিয়ে আসার জন্য চাপ দিলে সে কৌশলে এড়িয়ে গিয়ে তার টাকা ফেরত চায়। প্রতিষ্ঠানটি তখন আবু হানিফকে টাকা ফেরত না দিয়ে ছুটিতে বাড়ি পাঠিয়ে দেয়। এ আসামীদের এরূপ কার্যকলাপে আবু হানিফ বুঝতে পারেন যে, তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

এমএলএম প্রতারণায় কয়েক কোটি টাকা আত্মসাতকারী প্রতারক চক্রটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর পরই পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম অভিযান করে তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতারকরা ভিকটিমদের বলতো লোক আনলে বেতন হবে, নয়তো বেতন হবে না। আসামীদের শেখানো কৌশল ও মানসিক চাপ প্রয়োগ এর কারণে তারা তাদের এলাকার ২ জন লোক নিয়ে আসে। ঐ ২ জনের প্রত্যেককে ২ জন করে লোক নিয়ে আসতে বলে। টাকা ফেরত চাইলে বা লোক সংগ্রহ করতে না পারলে প্রতিষ্ঠানটি তখন তাকে ছুটিতে বাড়ি পাঠিয়ে দেয়। স্বল্প শিক্ষত লোকজনদের টার্গেট করে চাকরির দেয়ার নামে কৌশলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে তারা জানায়।

এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।