মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন আরও ৪২ নারী গৃহকর্মী

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে গিয়ে দিনের পর দিন গৃহকর্তার শারীরিক নির্যাতন আর বিনা কারণে মাসের পর মাস জেল খেটে দেশে ফিরেছেন আরও ৪২ নারী গৃহকর্মী। গতকাল মঙ্গলবার গভীর রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ওই গৃহকর্মীদের দেশে ফেরত আনা হয়।

ব্র্যাক বলছে, গত রাতে দেশে ফেরত আসা নারীরা সৌদিতে ৩ থেকে ৯ মাস কারাবাস যাপন করেছেন। তাছাড়া তারা যেখানে কাজ করতেন সেসব বাড়ির গৃহকর্তারদের হাতে তারা শারীরিকভাবে নির্যাতিত হতেন।

দেশে ফেরার পর ভুক্তভোগী নারীরা গণমাধ্যমেও তাদের অভিযোগ তুলে ধরেছেন। তারা বলছেন, সৌদি গিয়ে কাজে যোগ দেওয়ার পর থেকেই তারা গৃহকর্তার নির্যাতনের শিকার হতেন। মাস শেষে বেতন দেওয়া হতো না। আবার বেতন চাইলেও তাদের নিগ্রহ করা হতো।

এ ঘটনায় বিদেশে নারী গৃহকর্মীদের পাঠানোর বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।