মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের দেশে ফেরার গুজবে বিরক্ত হয়ে ফেসবুকে যা লিখলেন তার স্ত্রী

news-image

বাংলাদেশের অন্যতম শক্তি তামিম ইকবাল দুর্ভাগ্যজনক ইনজুরির শিকার হয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও সোমবার রাতে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের শেষ চারে ওঠার টিকিট।

এমন খবরে ক্রিকেট ভক্তদের যেমন স্বস্তি ফিরে আসে তেমনি সেই রাতেই আসে আরো একটি বাজে খবর। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে, অসুস্থ মেয়েকে নিয়ে দেশে ফিরছেন সাকিব আল হাসান!

একটি অনলাইন সংবাদ মাধ্যম দাবি করে, দুবাইয়ের প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছে সাকিব-কন্যা আলাইনা হাসান অউব্রি। তাই স্ত্রী-কন্যাকে রেখে যেতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে সাকিবকে।

এতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলা হচ্ছে না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। সেই সূত্রে কোনো যাচাই-বাছাই ছাড়াই দেশের আরো কয়েকটি গণমাধ্যম একই খবর প্রকাশ করে।

এতে বিরক্ত হয়ে সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির তাঁর ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন।

শিশির লিখেছেন, ‘এর চেয়ে বেশি অপসাংবাদিকতা আর হয় না। কোনো কিছু না জেনেই তারা একটা গল্প বানায়, সেটাকে অনেক ভিউ হওয়ার জন্য বাজারে ছাড়ে এবং সেটিও আবার সাকিব আল হাসানকে নিয়ে! আমার মেয়ে এশিয়া কাপ শুরুর আগেই অসুস্থ হয়েছে।

কিন্তু সাকিব ঢাকায় ফিরে আসবে না। এটা কখনো মাথাতেই আসেনি। এমন অনেক পরিস্থিতি এসেছে যখন তার উচিত ছিল পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা পরিবার হিসেবে দেশের জন্য আত্মত্যাগ করেছি।

আপনারা হয়তো ভুলে গেছেন, আমাদের প্রথম সন্তান জন্মের সময় পাশে থাকতে পারেনি সাকিব। ভবিষ্যতে ভোগাবে জেনেও এই মানুষটা ইনজুরি নিয়ে খেলছে। সেরে উঠতে অনেক সময় নিলেও আমি আশ্চর্য হব না।

এবং সে সহানুভূতির জন্য কিছু করে না! এই ধরনের অমূলক খবর দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল থেকে আসা হতাশাজনক।

লেখার মতো কোনো কিছু না পেলে আপনার লেখার প্রয়োজন নেই!!! আর কোনো ম্যাচের আগে মিথ্যা খবর দিয়ে একজন খেলোয়াড়ের মানসিকতার সঙ্গে মজা করা অবশ্যই দেশপ্রেমিকের কাজ নয়। আমি অপসাংবাদিকতার বিপক্ষে অবস্থান করছি!

অবশ্য আমি নিউজ পোর্টালগুলোর লিঙ্ক দিতে পারতাম। তবে কারো সুনাম ক্ষুণ্ণ হবে- এমন কাজ আমি করব না!!’