মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলফলকের সামনে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত অর্জনের বিষয়ে তিনি খুবই উদাসীন, দলের সাফল্যই তার কাছে শেষ কথা। বেশির ভাগ সময়ই পরিসংখ্যানের খবর কিংবা ব্যক্তিগত কোন অর্জনের কথা জানেন সাংবাদিকদের কাছ থেকে। তবু সংখ্যার খেলা ক্রিকেট, সেখানে সংখ্যার হিসাবকে অগ্রাহ্য করার উপায় নেই। তাই তো এশিয়া কাপের মিশনে এবার দলীয় লক্ষ্যের পাশাপাশি ব্যক্তিগত একটি মাইলফলকের সামনেও থাকবেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দেশের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে আড়াইশ উইকেটের অপেক্ষায় দেশসেরা পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ার হলেও ইনজুরির বাঁধায় মাঠের বাইরে কাটাতে হয়েছে অনেকটা সময়। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তার কাছ থেকে কেড়ে নিয়েছে ইনজুরি। এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৮৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাশরাফি। আর ২টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছন বিশ্ব একাদশের হয়ে। সব মিলে ১৯০টি ওডিআইতে তার সংগ্রহ ২৪৫ উইকেট। আর ৫টি উইকেট নিলেই পৌছে যাবেন আড়াইশ উইকেটের মাইলফলকে।

২৪৫ উইকেট নেয়ার পথে মাশরাফি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন একবার। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে সে ম্যাচে করা মাশরাফির ২৬ রানে ৬ উইকেটের বোলিং ফিগার এখনো পর্যন্ত দেশের ইতিহাসের সেরা। এছাড়া ম্যাচে ৭ বার ৪ উইকেট করে নেয়ার রেকর্ড রয়েছে ডানহাতি এই পেসারের।

এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার ফোরে যেতে পারবে ম্যাচ পাবে আরো ৩টি। তাই মাশরাফির জন্য ৫ উইকেট পাওয়ার কঠিন হবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন টাইগার অধিনায়ক।

বাংলাদেশী বোলাদের মধ্যে তালিকায় মাশরাফির পরেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৮৮ ম্যাচে তার সংগ্রহ ২৩৭ উইকেট।