বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশের স্যুপ-নুডলস হোঁচট খেল শুরুতেই

news-image

ডেস্ক রিপোর্ট : বাঙালি মাত্র সবার কাছে ইলিশ একটি অতিপ্রিয় মাছ। রসনাবিলাসী মানুষ সুস্বাদু মাছটি পাতে তুলতে মুখিয়ে থাকেন। এ আগ্রহ বিবেচনায় মাছটির বহুমাত্রিক ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক উদ্ভাবন করেছিলেন ইলিশের স্যুপ ও নুডলস; কিন্তু সরকারের অনুমোদনের ৬ মাস পেরিয়ে গেলেও ভিন্ন স্বাদের এসব খাদ্যপণ্য এখনো বাজারে আসেনি। গবেষক দল এজন্য উৎপাদক প্রতিষ্ঠানের অসহযোগিতাকে দায়ী করেছেন।

বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. একেএম নওশাদ আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী দেড় বছর গবেষণা করে ইলিশের স্যুপ ও নুডলস উদ্ভাবন করেন। এ বছরের মার্চে ময়মনসিংহভিত্তিক ভাগ্রো অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেস নামের একটি প্রতিষ্ঠানকে বিনাশর্তে সরকার এই নুডলস, স্যুপ উৎপাদন ও বাজারজাতের অনুমতি দেয়।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, আমরা মাছ প্রক্রিয়া করি না। এ ছাড়াও নুডলস উৎপাদনের সক্ষমতা নেই। তাই দেরি হচ্ছে। আমরা দেশের বড় খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। তারা সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেছে। আশা করি আগামী বছরের শুরুতে বাজারজাত হবে। স্বত্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, তাহলে কীভাবে আপনারা অন্যদের কাছে এ প্রযুক্তি হস্তান্তর করবেন জানতে চাইলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওই কর্মকর্তা।
গবেষক দলের প্রধান ড. নওশাদ আলম জানান, উৎপাদক প্রতিষ্ঠানের অসহযোগিতার কারণে পণ্যদুটি বাজারে আসতে পারছে না। এখন আমরা অন্য কাউকে দায়িত্ব দেব।

ইলিশের স্যুপ ও নুডলস তৈরির চিন্তা সম্পর্কে তিনি বলেন, লবণ ছাড়া ইলিশ মাছ সারাবছর সংরক্ষণের আর কোনো পদ্ধতি চালু নেই। ফলে সারাবছর ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন
মানুষ। এ ছাড়া মাছটি পুষ্টিমানেও অনন্য। এটি চর্বিযুক্ত মাছ আর এতে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড (ওমেগা ৩ ফ্যাটি এসিড) রয়েছে। সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে, এই অ্যাসিড কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে।
তিনি আরও বলেন, ইলিশের মাংসল অংশে অসংখ্য ছোট কাটা থাকায় বিদেশিরা এ মাছ ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে চান না। ইলিশের মজাদার এই স্যুপ ও নুডলস দেশে এবং বাইরে সমান জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে দাবি করেন তিনি।
তাদের এ গবেষণা পরিচালনায় আর্থিক সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ফিশ সেন্টারের ইকোফিশ প্রকল্প। ইলিশপণ্য উদ্ভাবন ও বাজারজাতকরণ শীর্ষক এ গবেষণা পরিচালনা করা হয়।

নওশাদ আলম জানান, এক কেজি ইলিশ মাছ থেকে প্রায় ২৫০টি নুডলসের ব্লক তৈরি সম্ভব। প্রতিটি ব্লকের ওজন ১২ গ্রাম। একটি ব্লক থেকে একজন মানুষের খাওয়ার উপযোগী ৭০ গ্রাম নুডলস অথবা ১৬০ মিলি স্যুপ তৈরি সম্ভব। তিনি আরও বলেন, মজার বিষয় হলো-আমাদের উৎপাদিত ও মজুদ করা এই খাদ্যপণ্য যতদিন যাচ্ছে ততই স্বাদ-গন্ধ বৃদ্ধি পাচ্ছে। তবে পুষ্টিমান একই থাকছে।
বাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. গিয়াস উদ্দীন আহমেদ জানান, ইলিশ মাছ ভক্ষণের ফলে মানুষের হৃদরোগের ঝুঁকি কমে। এটি হৃদযন্ত্রকে সুস্থ, সবল ও সতেজ রাখে। উৎস : আমাদের সময়