শোয়েব আখতারের পিসিবি থেকে পদত্যাগ
স্পোর্টস ডেস্ক।। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। গতকাল বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
টুইটে শোয়েব লিখেছেন, ‘এই ঘোষণার মাধ্যমে জানাচ্ছি আমি পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ডান-হাতি পেসারকে বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন সদ্যপদত্যাগী পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। গত ২০ আগস্ট পিসিবি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শেঠি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি এহসান মনি নতুন পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার দুই দিন পরই পদত্যাগ করেলেন আখতার। নাজাম শেঠির স্থলভিষিক্ত হচ্ছেন মনি।











