শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রফিকুল ইসলামকে আওয়ামীলীগ থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন

Brahmanbaria_Human Chain 19.11.14নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে পিটিয়ে রিছেল পাঠান হত্যার প্রধান আসামী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে আওয়ামীলীগ ও দলীয় পদ থেকে বহিস্কারের দাবীতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে স্থানীয় এমপি’র নিকট স্মারকলিপি প্রদান করে। সকাল ১১টায় শহরের কান্দিপাড়া মাইমল হাটি থেকে কয়েক’শ এলাকাবাসী আওয়ামীলীগ নেতা কাছন মিয়া, শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলামিন সওদাগর, শহর আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল মস্তু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান, জেলা তরুন লীগের আহবায়ক রাসেল কবির ও নিহত রিছেল পাঠানের বাবা ইয়াছিন পাঠান নেতৃত্বে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে দীর্ঘ ১ কিলোমিটার মানববন্ধন করে। এসময় জেলা পরিষদ মিলনায়তে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক চলছিল। মানববন্ধনটি টিএ রোড, কালিবাড়ির মোড়, কলেজ রোড, ডাক বাংলোর মোড় পর্যন্ত ছাড়িয়ে যায়। শহরের প্রধান সড়কটিতে তীব্র যানজটের কারনে যান চলাচল ব্যাহত হয়। এক সমাবেশ থেকে বক্তারা অতি দ্রুত আওয়ামীলীগ নেতা রফিককে শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদকের পদ থেকে বহিস্কারের দাবী জানান। মানববন্ধন শেষে মিছিলকারীরা জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর শহরের খালপাড় হকার্স মার্কেট এলাকায় শহর আওয়ামীলীগের সেক্রেটারী রফিকুল ইসলামের নেতৃত্বে লোকজন মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে কান্দিপাড়া মাইমল হাটির রিছেল পাঠানকে হত্যা করে। রিছেলের মা রহিমা বেগম প্রাণ ভিক্ষা চেয়েও রফিকের কাছ থেকে রিছেলকে বাঁচাতে পারেনি। এরপর থেকেই আওয়ামীলীগ নেতা রফিককে দলীয় পদ থেকে বহিস্কারের দাবী জানিয়ে আসছে এলাকাবাসী।

ছেলে রিছেলকে নিজ চোখের সামনে পিটিয়ে হত্যা করা হয়। খুনীদের কাছে কাকুতি-মিনতি করেও ছেলেকে বাঁচাতে পারেননি মা রহিমা বেগম। ছেলের উপর বর্বর নির্যাতন, হত্যার লোমহর্ষক দৃশ্য চোখ থেকে মুছতে পারেনি তিনি। এ দৃশ্য মনে হলেও আজো শিউরে ওঠেন।  রিছের হত্যার প্রধান আসামী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে বহিস্কারের দাবীতে মিছিল ও মানববন্ধন কর্মসূচী শেষ করে তার মা রহিমা বেগম শহরের খালপাড় হকার্স মার্কেটের সামনের সেই স্থানটি দেখতে যান। সেখানে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।