ধরা পড়লে ২০ বছরের জেল!
দেশের মাটিতে শিশু পর্নগ্রাফি রুখতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। আর সেই কারণেই ‘চাইল্ড সেক্স অ্যাবিউজ’ আইনে বেশ কিছু বদল আনার চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকারের। বর্তমানে কেউ শিশু পর্নগ্রাফি তৈরি করলে ছবির নির্মাতা সহ সিনেমার সঙ্গে জড়িতদের জেল হয়। এবার কাছে কোনও শিশু পর্ন ভিডিও রাখাকে অপরাধ বলে গন্য করা হবে। এক্ষেত্রে তার ৫ বছর জেলও হতে পারে।
খুব শীঘ্রই এই বিষয়টি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। তবে এই আইনে বেশ কিছু বদল আনলেই কি সব সমস্যার সমাধান হবে? কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নটা থেকেই যাচ্ছে।
২০১২ সালের আইন সংশোধন করে শিশু পর্ন আইন আরও শক্ত করা হচ্ছে। আইন সংশোধন করে শিশুদের ধর্ষণের বিরুদ্ধে আইনও আরও কড়া করা হচ্ছে। পাশাপাশি হোমে শিশুদের যৌন ব্যবসায় ব্যবহার করা হলে হোমের আধিকারিকের ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। মানেকা গান্ধীর দফতর আইন সংশোধনের খসড়া তৈরি করে ফেললে তা এবার সংসদের বাদল অধিবেশনে আনা হতে পারে বলে সংবাদ মাধ্যমের খবর।
ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী শিশু পর্ন প্রচার, ডাউনলোড করাকে অপরাধ হিসেবে গন্য করা হয়েছে। তার পরেও আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র।











