রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ বিলিয়ন ডলারের মার্কিন পন্যে শুল্কারোপ করল কানাডা, ডব্লিওটিও থেকে সরে আসবেন না ট্রাম্প

news-image

এবার কানাডা থেকে স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানি শুল্কারোপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ১৬.৬ বিলিয়ন কানাডিয় ডলার বা ১২.৬৩ বিলিয়ন মার্কিন ডলারের পন্যে শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এসময় তারা বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের ‘গোঁয়ার্তুমি’ সিদ্ধন্তের বিপরীতে আরো কঠোর অবস্থান নেবার কথাও জানায়।

কানাডার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই বাণিজ্য শুল্ক যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ষ্টীল ও অ্যালুমিনিয়াম পণ্য ছাড়াও বিভিন্ন ধরণের খাদ্যবস্তুর ওপর আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে কফি, কেচাপ, হুইস্কি এবং আরো অরেঞ্জ জুস।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তার সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, ‘আমরা (বাণিজ্য শুল্ক নিয়ে) উত্তেজনা বৃদ্ধি করবনা তবে আমাদের সঙ্গে এমনটি করা হলে আমরা পিছু হটেও আসবনা।’ কানাডার পররাষ্ট্রমন্ত্রী তার এই বক্তব্যের মাধ্যমে বাণিজ্য ইস্যুতে তার সরকারের দৃঢ় মনোভাবের কথাই জানিয়েছেন।

কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র এবং কানাডা উভয় দেশের গাড়ি উৎপাদন শিল্পসমূহ ক্ষতির শিকার হতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্রের অনেক বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কানাডায় কারখানা রয়েছে।

ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের জেনারেল মটরস কোম্পানি হুঁশিয়ারি দেয়, বাণিজ্য শুল্ক নিয়ে চলমান উত্তেজনার ফলে তারা তাদের কোম্পানির কলেবর কমিয়ে আনতে বাধ্য হবে। ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান দারুণ ক্ষতিগ্রস্থ হবে। তবে এর প্রেক্ষিতে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ ন্যূচিন এমন আশঙ্কা প্রত্যাখ্যান করেন। একই সময় তিনি বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন ট্রাম্প এমন একটি প্রতিবেদনকে ‘বানোয়াট’ বলেও দাবী করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের এক্সিওস নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের উপদেষ্টাদের বারবার জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্ববাণিজ্য সংস্থা থেকে বের করে আনতে চান। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয় ট্রাম্পের এমন পদক্ষেপ বিশ্ব বানিজ্যে ‘বিপর্যয়’ ডেকে আনবে। রয়টার্স