বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড বিস্ফোরণের জেরে ৯ পুলিশ গ্রেফতার

news-image

শনিবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় গ্রেনেড বিস্ফোরণের জেরে ৯ জন পুলিশ সদস্যকে সন্দেহভাজন তালিকাভুক্ত করে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। খবরটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আদিস আবাবা পুলিশ কমিশনের ডেপুটি হেডসহ আরও আটজন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

আদিস আবাবা থেকে রিপোর্ট করা সাংবাদিক মোহাম্মদ আদো বলেন, ‘মারাত্মক অবহেলার জন্য নয়জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইথিওপিয়ান পুলিশ। ধারণা করা হচ্ছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে এমন ঘটনা কখনই ঘটতো না।’

এই নয়জন পুলিশ কর্মকর্তা ছাড়াও আরও ছয়জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত কোন জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

শনিবার রাজধানীর মেস্কেল স্কয়ারের সেই সমাবেশে প্রধানমন্ত্রী আবির ভাষণ শেষ হওয়ার কয়েক মিনিট পরই একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটেছিল বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স।

ওই গ্রেনেড বিস্ফোরণে অন্তত এক জন নিহত ও ১৫৫ জন আহত হয় বলে জানিয়েছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আমির আমান। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক। সূত্র : আল জাজিরা