শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে আসছেন মমতাজ

47308_e6বিনোদন প্রতিবেদক :কথা ছিল ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের নতুন অ্যালবাম প্রকাশ পাবে কোরবানির ঈদে। কিন্তু শেষের অংশের কাজ বাকি থাকার ফলে সেই অ্যালবাম ঈদে আর প্রকাশ পায়নি। এ অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। এর আগে বিচ্ছিন্নভাবে মমতাজের জন্য গান করলেও তার পূর্ণ একক প্রথমবারের মতো করলেন রাজেশ। মূলত ফোক ফিউশনধর্মী গান নিয়ে এটি করা হয়েছে। এরই মধ্যে সব ক’টি গানের রেকর্ডিং করেছেন মমতাজ ও রাজেশ। অ্যালবামটি সংগীতার ব্যানারে নতুন বছর উপলক্ষে প্রকাশ পাবে বলেও জানা গেছে। সব মিলিয়ে নতুন বছরের অন্যতম একটি বড় অ্যালবাম হিসেবে এটি প্রকাশ পেতে যাচ্ছে। এদিকে গেল ঈদের দিন রাতে মাছরাঙা টিভির লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মমতাজ। নিজের অনেক জনপ্রিয় গান 
গেয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন আরও একবার। এর বাইরেও ঈদের কয়েকটি অনুষ্ঠানে মমতাজের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বর্তমানে রাজনীতির পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ফোক সম্রাজ্ঞী। তবে আগের তুলনায় শো কমিয়ে দিয়েছেন তিনি। উৎসবকেন্দ্রিক টিভি লাইভে তাকে বেশি পাওয়া যায়। এ বিষয়ে মমতাজ বলেন, এবারের অ্যালবামটি অনেক ভাল হয়েছে। তবে শেষের অংশের রেকর্ডিংটা করতে খানিক দেরি হয়ে যায়। 
মূলত অন্য ব্যস্ততার ফলেই এই দেরিটা হয়েছে। তবে সবুরে মেওয়া ফলে এটা আমি মানি। আস্তে ধীরে কাজ করলে তার ফল পাওয়া যায়। হয়তো ভাল কিছু অপেক্ষা করছে। গানগুলোর অসাধারণ সুর করেছে রাজেশ। আমি নিজে অনেক তৃপ্ত গানগুলো গেয়ে। ফোক ফিউশনধর্মী এরকম কথা-সুরের অ্যালবাম খুব একটা করিনি। অনেক দিন পর এই ঘরানার গান করলাম। আমার নিজের অনেক ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে। এদিকে আগে প্রতি ঈদেই একাধিক অ্যালবাম প্রকাশ পেতো মমতাজের। প্রতিটি অ্যালবামের বাজার কাটতি ছিল ব্যাপক। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। এই বিষয়টি কিভাবে অনুভব করেন? উত্তরে মমতাজ বলেন, মাঝে মধ্যে বিষয়টা ভেবে অনেক খারাপই লাগে। আগে আর এখন অ্যালবাম প্রকাশের বিষয়টি আকাশ-পাতাল পার্থক্য। তখন কোম্পানি, শিল্পী, শ্রোতাদের মধ্যে ঈদে কিংবা যে কোন উৎসবেই একটা উন্মাদনা থাকতো। মানুষ আশায় থাকতো নতুন গান কবে বের হবে। কিন্তু এখন প্রযুক্তিসহ বিভিন্ন কারণে সে অবস্থা নেই। অ্যালবামই প্রকাশ হয় খুব কম। কোম্পানি, শিল্পী কারোরই আগের মতো আগ্রহ নেই অ্যালবামের ব্যাপারে। তবে আমি বিশ্বাস করি, খারাপ সময়ের পর ভাল সময় আসে। এই অবস্থার সমাপ্তি ঘটবেই। অপেক্ষায় আছি সেই সুসময়ের।