শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে আজ বাসাতেই কাটাবেন রিয়াজ

47307_e5বিনোদন প্রতিবেদক :তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রিয়াজের জন্মদিন আজ। এবারের জন্মদিনটিতে সারাদিন বাসায় থেকেই পার করবেন বলে জানিয়েছেন রিয়াজ। দিনটি ঘরোয়াভাবেই উদযাপন করবেন তিনি। নিজের জন্মদিন উপলক্ষে রিয়াজ বলেন, এখন বয়স হয়েছে। দিনটি বিশেষভাবে উদযাপনের কোন ইচ্ছাও করে না। এবারের জন্মদিনটি বলা যায় সারাদিন ঘুমিয়েই পার করবো। কারণ, বিগত বেশ কয়েকটি দিন এত কাজ করেছি যে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। সবাই দোয়া করবেন যেন সব সময় ভাল থাকি, সুস্থ থাকি। এদিকে রিয়াজ সর্বশেষ সকাল আহমেদের পরিচালনায় ‘তুমি আছো তুমি নাই’ নাটকে অভিনয় করেছেন তিশার বিপরীতে। এটি ছিল সকাল আহমেদের পরিচালনায় রিয়াজ-তিশা জুটির পঞ্চম নাটক। অন্যদিকে গত ঈদে রিয়াজ ও তার সহধর্মিণী তিনা অভিনীত শহীদ উন নবী পরিচালিত ‘সুগার ফ্রি চকোলেট কেক’ নাটকটি আরটিভিতে প্রচার হয়। আর এ নাটকে অভিনয়ের জন্যই রিয়াজ সবচেয়ে বেশি সাড়া পান। পাশাপাশি সালাহউদ্দিন লাভলু পরিচালিত ঈদ ধারাবাহিক নাটক ‘লাঠি পাগল’-এ অভিনয়ের জন্যও প্রশংসিত হন তিনি। উল্লেখ্য, রিয়াজ তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’, হুমায়ূন আহমেদ পরিচালিত ‘দুই দুয়ারী’ এবং চন্দন চৌধুরী পরিচালিত ‘কী যাদু করিলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গুণী এ অভিনেতার জন্মদিনে মানবজমিনের পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা।