বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় জমজমাট মেহেদী মেলা

news-image

ঈদ উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জমজমাট মেহেদী উৎসব অনুষ্ঠিত হয় নিউইয়র্কের বিভিন্ন স্থানে। ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় জমজমাট মেহেদী মেলা-উৎসব চলে গভীর রাত পর্যন্ত। মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও ছিল উল্লেখ করার মত। পুরো এলাকা জুড়ে ঈদ আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা।

তানিয়া বিউটি সেলুনের সামনে

নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর তানিয়া বিউটি সেলুন ও এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে গত ১৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী মেলা। তানিয়া বিউটি সেলুন এ মেহেদী উৎসবের আয়োজন করে। জমজমাট এ মেলায় মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও বসে। এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ উৎসব বিকেল থেকে শুরু হয়ে চলে মধ্য রাত পর্যন্ত।

তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট শারমিন রহমান তানিয়া জানান, বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা মেহেদী উৎসবে মেতে ওঠেন। শুধু বংলাদেশীরাই নন, অন্য কমিউনিটির নারীরাও যোগ দেন এ উৎসবে। তিনি বলেন, আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকে চলে আসা চাঁদরাতে মেহেদি উৎসবের ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাস প্রজন্ম সহ মূলধারায়।

বর্ণিল এ মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি চলে ঈদ-কেনাকাটাও।

মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের মজাদার সব খাবার-দাবার। ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের কর্ণধার মাসুদ জানান, মেলায় আসা বিপুল সংখ্যক লোকজন তার মজাদার খাবারের স্বাদ নেন। বিকেল থেকে শুরু হওয়া এ মেলা চলে গভীর রাত পর্যন্ত।

এদিকে, সাইদুর রহমান লিংকন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের তানিয়া বিউটি সেলুন আয়োজিত “চাঁদ রাত মেহ্দী মেলা” কে পরিপূর্ণ মেলায় রূপ দেয়ার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞ। বিগত বছরগুলোতে সকলের সহযোগিতায় নিয়মিত চাঁদ রাত মেহ্দী মেলা করতে পেরেছি। তখন আজকের মতো এতো লোকের সমাগম হত না। তিনি বলেন, তানিয়া বিউটি সেলুনের সামনে মেলা জমানোই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল চাঁদ রাতে ব্রঙ্কসবাসীদের জন্যে জাকজমকপূর্ণ কোলাহল সৃষ্টি করা, ঢাকার একটা আমেজ তৈরী করা। আজকে আমরা সফল। আমাদের এই মেলায় এখন জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, কানিক্টিকাটের লোকজনও আসে। আগামী দিনগুলোতে আরো সুন্দর ও বড় পরিসরে মেলার আয়োজন করার প্রত্যাশা সাইকেল ওয়ালা খ্যাত লিংকনের।

অনুষ্ঠানে স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে স্টার্লিং-বাংলাবাজার এর ঐতিহাসিক প্রেক্কাপট তুলে ধরেন। তিনি এ জমজমাট মেহেদী মেলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আল আকসা রেষ্টুরেন্টের সামনে

ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ এলাকায় আল আকসা রেষ্টুরেন্টের সামনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। ঈদ উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জমজমাট এ মেহেদী উৎসবের আয়োজন করেন নারী নেত্রী মাকসুদা আহমদ। তিনি বেশ ক’বছর ধরেই চাঁদ রাত মেহেদী মেলা করে আসছেন এ এলাকায়। মাকসুদা আহমদ জানান, বিনা ফিতে চাঁদ রাতে মেহেদী উৎসবের একমাত্র সেবাটি তিনিই দিয়ে যাচ্ছেন নিউইয়র্কে। মেহেদী রাঙানোর বর্ণিল এ আয়োজনে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহ মূলধারায় বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি কালচারকে তুলে ধরতেই তার এ আয়োজন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মেহেদী উৎসবে মেতে ওঠেন। তরুণীসহ নানা বয়সী মহিলারা মেতে উঠেন এ উৎসবে। এতে শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের নারীরাও যোগ দেন এ উৎসবে। মেলায় ছিল জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টল। মেহেদী উৎসবকে ভিন্নমাত্রা দেয় আল আকসা রেষ্টুরেন্টের মজাদার সব খাবার-দাবার। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ঈদ-কেনাকাটাও। অভিবাসীর দেশ আমেকিায় এমনসব উৎসব আয়োজনেই দিন দিন ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দার জানান, মেলা উপলক্ষে তাদের বেচা-বিক্রি হয়েছে অনেক ভাল। তাদের মজাদার সব খাবারের স্বাদ নেন মেলায় আসা লোকজন। মেলায় আসা সবাইকে ঈদ শুভেচ্ছা জানান আয়োজক মাকসুদা আহমদ।

 

খলিল বিরিয়ানী হাউজের সামনে

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউর খলিল বিরিয়ানী হাউজের সামনে গত ১৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেহেদী উৎসব। এ মেহেদী উৎসব আরো জমজমাট করে তুলে খলিল বিরিয়ানী হাউজের ঐতিহ্যবাহী খাবারের বিপুল সমাহার।

খলিল বিরিয়ানী হাউজের স্বত্বাধিকারী বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং তার মেয়ে টেনথ গ্রেডে পড়–য়া সাকিয়া আফ্রিন শ্রাবণীর পরিচালনায় এ মেহেদী উৎসব বিকেল থেকে শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা যোগ দেন এ মেহেদী হাত রাঙানোর উৎসবে। মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় খলিল বিরিয়ানী হাউজের মজাদার সব খাবার-দাবার।

মো. খলিলুর রহমান জানান, তার মেয়ে সাকিয়া আফ্রিন শ্রাবণী তার বান্ধবীদের নিয়ে প্রথমবারের মত এ মেহেদী মেলার আয়োজন করে। প্রথম এ আয়োজনেই ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তিনি।

বার্তা প্রেরক : সাখাওয়াত হোসেন সেলিম

সম্পাদক, ইউএসএনিউজ (বার্তা সংস্থা)

ইউএসএনিউজঅনলাইন.কম

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯
E-mail : [email protected]

[email protected]

Web :  www.usanewsonline.com