শ্রমিকদের একতা নেই, ঈদেও চলবে বৃটেনের রেস্তোরাঁ
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ বাংলাদেশী মালিকানাধীন ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেক্টরে কাজ করেন। ব্রিটিশ ক্যাটারার্স এসোসিয়েশন সূত্রে জানা গেছে এই সেক্টরে প্রায় দেড় লক্ষাধিক শ্রমিক ২০ হাজারের মতো বাংলাদেশী-ইন্ডিয়ান রেস্টুরেন্টে তাদের জীবিকা নির্বাহ করেন। এই উল্লেখযোগ্য সংখ্যক রেস্টুরেন্টের মালিক ও শ্রমিক একই দেশ তথা বাংলাদেশ থেকে আগত অভিবাসী এবং যাদের মধ্যে প্রায় ৯৫ ভাগ ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু অত্যন্ত দুঃখ ও অমানবিক বিষয় হলো, বৃটেনের মতো একটি আধুনিক ও সভ্য দেশে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজ করা শ্রমিকরা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসছেন বছরের পর বছর থেকে।
মালিক পক্ষের বেশ কয়েকটি সংগঠন থাকলেও শ্রমিকদের কোন সংগঠন না থাকায় এবং তাদের পক্ষে কেউ কথা না বলায় এমন অমানবিক ও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। বিশেষ করে অবৈধ শ্রমিকরা চাকুরী চলে যাওয়ার ভয়ে ঈদের দিনে মালিকের কাছে ছুটি দাবী করতে পারেন না। মালিক পক্ষ যখন পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উদযাপন করেন, শ্রমিকদের তখন অশ্রু ঝরান রেস্টুরেন্টের রান্নাঘরে কিংবা বারের পেছনে। ঈদের আনন্দ তাদের কাছে স্বপ্ন হলেও দেশে থাকা পরিবার পরিজনকে তা বুঝতে দেন না।
এই রেস্টুরেন্ট শ্রমিকদের ঘামঝরা পরিশ্রমের বদৌলতে রেস্টুরেন্ট ব্যবসায়ে ঈর্ষনীয় খ্যাতি অর্জন করে ব্রিটিশ মেইন ষ্ট্রীম মিডিয়া ও মেইন ষ্ট্রীম রাজনীতিতে ঝড় তুলেছেন রেড ফোর্টের আমিন আলী, লি-রাজের এনাম আলী এমবিই, ব্রিটানিয়া স্পাইসের সাবেক কন্সাল জেনারেল ওয়ালী তছর উদ্দিন এমবিই, শাহগীর বখত ফারুক, বজলুর রশীদ, পাশা খন্দকার এমবিই , ভোজনের মাহতাব মিয়া, বিসিসির মুকিম চৌধুরী সহ আরো অনেকে।
ব্রিটেনে সব ক’টা সেক্টরের কর্মচারী, কর্মকর্তা, অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ফার্মেসী, জরুরী বিভাগ, ব্যবসা, ফ্যাশন, সুপার মার্কেটের সকলেই বছরে আইনানুগভাবে নানান হলিডে যেমন উপভোগ করে থাকেন, একই সাথে সামারের ছয় সপ্তাহ হলিডে ও ক্রিসমাস, নিউ ইয়ার হলিডে, ব্যাংক হলিডে – এই ছুটিগুলো একজন শ্রমিক, একজন কর্পোরেট, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন মন্ত্রী, একজন ক্লিনার, একজন কেয়ার টেকার, একজন নিরাপত্তা কর্মী, একজন পুলিশ সকলেই সমানভাবে এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে (প্রয়োজনের সময়) ভোগ করে থাকেন। এতে একজন শ্রমিক ও কর্মকর্তার জন্য সমান আইন সমানভাবে প্রযোজ্য, তার জন্য ট্রেড ইউনিয়ন সমানভাবে দায়িত্বশীল। এটা তার নাগরিক এবং আইনগত অধিকার। রাষ্ট্র ও প্রতিষ্ঠান এই অধিকার রক্ষা ও সমুন্নত রাখতে বদ্ধ পরিকর, এ অধিকার কেউ কেড়ে নিতে পারেননা।
কিন্ত ব্যতিক্রম শুধুমাত্র বাংলাদেশী রেস্টুরেন্ট ও এ সেক্টরের কর্মরত কর্মচারীদের। বাংলাদেশী এই দেড় লক্ষধিক এবং কোন কোন তথ্য মতে এই সংখ্যা আরো দেড় দ্বিগুণ হবে (অরেজিষ্ট্রিকৃত মিলিয়ে) শ্রমিক- ওয়েটার, কুক, শেফ, ম্যানেজার, এসিসট্যান্ট ম্যানেজার, অর্থাৎ এই সেক্টরে জড়িত কেউই বছরের এই নির্ধারিত জাতীয় হলিডের ছুটি ভোগ করা তো দূরের কথা বছরে দুটো ঈদের ছুটি থেকেও বঞ্চিত। কেননা রেস্টুরেন্ট সেক্টর খোলা থাকে। আমাদের ক্যাটারার্স এসোসিয়েশন কিংবা এর ফেডারেশন ও এর মালিকবৃন্দ যৌথ উদ্যোগ নিয়ে এব্যাপারে নিজেদের জাতীয় ধর্মীয় এই উৎসবে রেস্টুরেন্ট বন্ধ রাখার কোন উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়নি।
বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার স্কুল ও ইংল্যান্ডের নর্থ-ইষ্টের স্কুলগুলো পর্যন্ত হেড টিচাররা আন-অফিসিয়ালি ছেলে-মেয়েদের ঈদের ছুটি ভোগের অধিকার দিয়ে থাকেন। এটা এখন প্রায় ফর্মালি হয়ে যাচ্ছে। অথচ রেস্টুরেন্ট সেক্টরে কর্মরতরা সবসময়ই এই ফেয়ার ছুটি থেকে বঞ্চিত। এমন নয় যে ঈদের দিন কাজ করলে ওভার টাইম স্কেলে বেতন দেয়ার বিধান চালু রয়েছে, তাও নয়। তারপরেও কেন তারা বঞ্চিত ? নিছক মুনাফা আর ব্যবসায়িক স্বার্থ ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের সেক্রেটারি অলি খানের কাছে জানতে চাইলে তিনি ঈদের ছুটির ব্যাপারে দ্বিমত না করলেও তার নিজের রেস্টুরেন্টের শ্রমিকদের ছুটি দেননি। এ প্রতিবেদক কয়েকটি বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টে ফোন করে ঈদের দিনে শ্রমিকদের ছুটি দিচ্ছেন কিনা জানতে চাইলে তারা ছুটি দিতে অস্বীকৃতি জানান। ব্রিকলেনের মাসালা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবারের ঈদ শুক্রবার হওয়ার কারনে ছুটি দিতে রাজি নয়।
দক্ষিণ পশ্চিম লন্ডনের একটি টেকওয়ের সেফ আবু তাহের। আমাদের সময় ডটকমের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পূর্ন একটি মাস রোজা রেখে যখন আনন্দের ঈদ আসে তখন মালিক আমাদের ছুটি দেয় না। নামাজ পড়া ছাড়া আমরা ছেলেমেয়ে নিয়ে ঈদ উদযাপন করতে পারি না। আমদের রেস্টুরেন্ট শ্রমিকদের একতা নেই বলে মালিক পক্ষ ঈদের ছুটি থেকে আমাদের বঞ্চিত করে রাখে।’
চ্যানেল আই ইউরোপের এমডি ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌঃ কড়া ভাষায় রেস্টুরেন্ট মালিকদের সমালোচনা করে বলেন, ‘রেস্টুরেন্ট মালিকরা টাকার পিচাশ, এ জন্য তারা শ্রমিকদের ঈদের ছুটি না দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে।’
এদিকে ঈদের দিনে রেস্টুরেন্ট বন্ধ রেখে শ্রমিকদের ছুটির দাবিতে সামাজিক সংগঠন ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসলেও মালিকদের কোন টনক নড়েনি। সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ বলেন, ‘এটি প্রত্যেকটি মুসলমানের মৌলিক অধিকার। মালিকরাও মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছেন। যা খুবই নিন্দনীয়। ‘











