ঈদের সকালে মিষ্টিমুখ
যা লাগবে :
নুডুলস ১ কাপ, সাগুদানা ১ কাপ, মালাই ২ কাপ, হলুদ-লাল-সবুজ-কমলা জেলো কিউব করে কাটা ১/৩ কাপ করে প্রতিটা, ভ্যানিলা আইসক্রিম ১.৫ কাপ, লবণ সামান্য, চিনি ২/৩ কাপ, আমের পাল্প ১/২ কাপ, লিচুর পাল্প ১/২ কাপ, আঙ্গুরের পাল্প ১/২ কাপ, কমলা/মাল্টার জুস ১/২ কাপ, হলুদ-লাল-সবুজ-কমলা ফুড কালার ৫/৬ ফোটা করে বা পছন্দমতো, ক্রাশ করা আইস ১ কাপ।
যেভাবে করবেন :
নুডুলস ছোট টুকরো করে, সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সাগুদানা, ১/৪ কাপ চিনি দিয়ে জ্বাল দিয়ে ঠাণ্ডা করে নিন। সিদ্ধ নুডুলস, সিদ্ধ সাগুদানা, মালাই, ভ্যানিলা আইসক্রিম ৪ ভাগে ভাগ করুন। আলাদা আলাদাভাবে প্রতিটাতে ভিন্ন ভিন্ন রংয়ের ফুড কালার মিশান।
আমের পাল্পে সামান্য হলুদ, লিচুতে লাল, আঙ্গুরে সবুজ এবং মাল্টায় কমলা ফুড কালার মিশিয়ে নিন। লম্বা গ্লাসে পছন্দমতো নুডুলস, মালাই, সাগু, জেলো, ফ্রুটস পাল্প, আইস এবং আইসক্রিমের লেয়ার করে ঢেলে দিন। ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন গরমে প্রশান্তিদায়ক মজাদার এই ফালুদা।
মেহবুবি
যা লাগবে : সিরার জন্য- চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ ৩টি, ঘি ১/২ টেবিল চামচ। ডোয়ের জন্য- ময়দা ২ কাপ, ঘি ২ টেবিল চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ, হালকা গরম পানি পরিমাণ মতো। ভাজার জন্য- তেল ১.৫ কাপ এবং পরিবেশনার জন্য- রুহ আফজাহ ২ টেবিল চামচ, ক্রাশ করা বাদাম ১/৩ কাপ।
যেভাবে করবেন :
সিরার উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ভালোমতো ফুটিয়ে সিরা তৈরি করে ঢেকে রাখুন। ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। ঘি দিয়ে ডলে ডলে মাখান। হালকা গরম পানি দিয়ে মথে ডো তৈরি করুন।
ছোট লেচি কেটে ৮টি রুটি তৈরি করুন। একটা রুটির উপরে অল্প ঘি মাখিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিন। এর ওপর আর একটা রুটি বসান। এভাবে ৪টি রুটি একটার ওপর আর একটা বসিয়ে হালকা হাতে বেলে কিছুটা বড় করে নিন।
১/২ ইঞ্চি চওড়া করে রুটিটা কেটে নিন। একটা কাটা অংশ নিয়ে রোল করুন। শেষ প্রান্তে পানি মাখিয়ে আর একটা টুকরো জোড়া দিন। ৩/৪টি টুকরো জোড়া দিয়ে, রোল করে, শেষ প্রান্ত পানি দিয়ে চেপে আটকে দিন।
হালকা হাতে বেলে এটাকে কিছুটা বড় করে নিন। এভাবে সব বানিয়ে গরম তেলে মৃদু আঁচে ভেজে উঠান। গরম সিরায় ছেড়ে ৩/৪ মিনিট পর উঠিয়ে নিন। উপরে রুহ আফজাহ এবং ক্রাশ করা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন। ভিন্নধর্মী আরব ডেজটি মেহবুবি।
ক্রিসপি সেমাই বরফি
যা লাগবে :
ভাজা কুলসান সেমাই ১ প্যাকেট, কনডেন্স মিল্ক ১ ক্যান, এলাচ গুঁড়া ১/২ চা চামচ, ঘি ২ টেবিল চামচ, ক্যাসোনাট ১৫/২০টি।
যেভাবে করবেন :
সেমাই ছোট ছোট টুকরো করে প্যানে মৃদু আঁচে নেড়েচেড়ে ভাজুন। মচমচে হলে ঘি অ্যাড করে লালচে হওয়া পর্যন্ত ভেজে কনডেন্স মিল্ক দিন। নেড়েচেড়ে ৬/৭ মিনিট পর স্টিকি হয়ে এলে এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ফ্লাট ট্রেতে ঘি মাখিয়ে সমান করে সেমাই বিছিয়ে দিন।
গরম থাকতে থাকতেই বরফি আকারে কেটে নিন। উপরে ক্যাসোনাট সাজিয়ে ঠাণ্ডা হলে পরিবেশন করুন খুবই সুস্বাদু ক্রিসপি সেমাই বরফি।
চিকেন মোন্তাজান
যা লাগবে :
আস্ত চিকেন (চামড়া ফেলে পরিষ্কার করে নেয়া ১টি) ১.৫ কেজি, পানি ঝরানো টক দই ১/৩ কাপ, চিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, পিঁয়াজ বাটা ১/২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, জয়ত্রী বাটা ১/৪ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া
২ চা চামচ, মৌরি গুঁড়া ১/২ চা চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, বিভিন্ন ধরনের বাদাম ১/৪ কাপ, তেল ১/২ কাপ, ঘি ১ টেবিল চামচ, আস্ত গরম মশলা ৩/৪ টুকরো করে প্রতিটা, লবণ স্বাদমতো, পানি ১ কাপ।
যেভাবে করবেন :
তেল, ঘি, গরম মশলা, বাদাম, আলু বোখারা বাদে অন্যান্য উপকরণ একত্রে ফেটে নিন। চিকেনের গায়ের পানি মুছে এ মশলা মাখিয়ে ১/২ ঘণ্টা রেখে দিন। প্যানে তেল গরম করে মৃদু আঁচে গরম মশলা দিয়ে নেড়ে পিঁয়াজ কুচি দিয়ে দিন। ২ মিনিট ভেজে মশলাসহ চিকেন দিয়ে দিন। ১৫/২০ মিনিট এপিঠ-ওপিঠ করে কষান। পানি অ্যাড করে ঢেকে দিন। সিদ্ধ হওয়া পর্যন্ত উল্টে-পাল্টে রান্না করুন। আলু বোখারা এবং কিশমিশ দিয়ে ঝোল গা-মাখা হয়ে তেল ওপরে উঠলে ঘি ও বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। বিরিয়ানি/পোলাও/পরোটার সঙ্গে পরিবেশন করুন।
সিন্ধি মাটন বিরিয়ানি
যা লাগবে :
চালের জন্য- বাসমতি চাল ৫০০ গ্রাম, শাহি জিরা ১ চা চামচ, লবণ ২ টেবিল চামচ, ছোট এলাচ ৪টি, বড় এলাচ ১টি, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ২টি, তেল ২ টেবিল চামচ। মাটনের জন্য- মাটন ১ কেজি, টকদই ১/২ কাপ, বেরেস্তা ১/২ কাপ, আদা বাটা ১.৫ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা
মরিচ বাটা ৬/৭টি, শুকনো মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, ছোট এলাচ ৪/৫টি, বড় এলাচ ১টি,
লবঙ্গ ৭/৮টি, দারুচিনি ৪ টুকরো, স্টার অ্যানিস ২টি, তেল ১/২ কাপ, চিনি ২ টেবিল চামচ, পানি পরিমাণ মতো। লেয়ারের জন্য- বেরেস্তা ১ কাপ, জাফরান ২ টেবিল চামচ দুধে ভিজানো
১ চিমটি, কমলা ফুড কালার পছন্দমতো কেওড়া পানি ২ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, আলু বোখারা ১০/১২টি, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, আস্ত কাঁচা মরিচ ১২টি।
যেভাবে করবেন :
তেল এবং আস্ত মশলা ছাড়া মাটনের সব উপকরণ একসঙ্গে ফেটে নিন। ভালো মতো মাটনের সঙ্গে মাখিয়ে ৪/৫ ঘণ্টা মেরিনেশন করুন। চাল ভালো করে ধুয়ে ডুবো পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
পানি ঝরিয়ে উঠিয়ে নিন। পর্যাপ্ত পানি গরম করুন। পানিতে চালের সব উপকরণ দিয়ে পানি ফুটলে চাল দিয়ে দিন। ৭০ ভাগ সিদ্ধ হলে (৮/১০ মিনিট) ভাত ঝাঝরিতে ঢেলে মাড় ঝরিয়ে নিন।
কড়াই/কুকারে তেল গরম করুন। আস্ত মসলা দিয়ে ৩০ সেকেন্ড ভাজুন। মেরিনেড করা মাটন দিয়ে কষান। সিদ্ধ করার জন্য পানি দিন। নেড়েচেড়ে ঢেকে রান্না করুন।
সিদ্ধ হওয়ার পর অতিরিক্ত পানি জ্বাল দিয়ে কমিয়ে নিন আন্দাজ সোয়া এক ঝোল থাকবে। ননস্টিক বোলে ঘি মাখিয়ে অর্ধেক রান্না করা মাটন বিছিয়ে দিন। অর্ধেক ভাত বিছিয়ে দিন।
লেয়ারের অন্যান্য সব উপকরণ অর্ধেক ছড়িয়ে দিন। অবশিষ্ট মাটন বিছিয়ে তার ওপরে আবার ভাত বিছিয়ে দিন। একে একে বেরেস্তা, ঘি, পুদিনা পাতা, ফুড কালার, কেওড়া পানি, আলু বোখারা, আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে পাত্রের মুখ বন্ধ করে মাখানো আটা দিয়ে আটকে দিন। জোর আঁচে ২/৩ মিনিট এবং মৃদু আঁচে আরও ২০ মিনিট দমে রাখুন। গরম গরম পরিবেশন করুন।
বিফ ভিন্দালু
যা লাগবে :
গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, সরিষা বাটা ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১.৫ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ৩/৪ টুকরা, এলাচ ৮টি, লবঙ্গ ৬টি, ভিনেগার ৩ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ।
যেভাবে করবেন :
তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিন। বেরেস্তা নামানোর ১ মিনিট আগে দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে নেড়ে নামিয়ে নিন। টুকরা করা মাংসে তেলসহ এই বেরেস্তা, সব গুঁড়া ও বাটা মসলা, লবণ, ভিনেগার এবং চিনি দিয়ে মাখিয়ে রেখে দিন ২ ঘণ্টা। কড়াইয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে তেল উপরে উঠলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন দারুণ মজার এই খাবারটি।
জ্যামাইকান পাপায়া সালাদ
যা লাগবে :
কুচানো পেঁপে ২ কাপ, কুচানো গাজর ১ কাপ, অ্যাপেল সাইডার ভিনেগার ১/৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৩ চা চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, গার্লিক পাউডার ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, পুদিনাপাতা ৪/৫টি।
যেভাবে করবেন :
পেঁপে এবং গাজর কুচি মিশিয়ে একটা পাত্রে রাখুন। লবণ ছাড়া সব উপকরণ একত্রে ফেটিয়ে নিন। পেঁপে-গাজর কুচির সঙ্গে মিশান। ফ্রিজে ১-২ ঘণ্টা রেখে দিন। লবণ ও পুদিনাপাতা দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।
চাপলি কাবাব
যা লাগবে :
গরু/মুরগির মাংসের কিমা ১/২ কেজি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ৫/৬টি, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, টমেটো কিউব ১/২ কাপ, টালা বেসন ১/৩ কাপ, ডিম ১টা,
আদা রসুন বাটা ১ টেবিল চামচ, টালা জিরা গুঁড়া ১ চা চামচ, টালা শুকনামরিচ গুঁড়া ১ চা চামচ, টালা গরমমসলা গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।
যেভাবে করবেন :
তেল ছাড়া বাকি সব উপকরণ একত্রে মেখে নিন। কিছুটা করে মাখা কিমা নিয়ে হাতের তালুতে রেখে অন্য হাত দিয়ে চেপে চেপে একটু বড় সাইজের কাবাব বানান। প্যানে তেল গরম করে স্যালো ফ্রাই করুন। গরম গরম পরিবেশন করুন। সূত্র: যুগান্তর











