বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সীমানা

45774_e1বিনোদন প্রতিবেদক :প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে টিভি অভিনেত্রী ও লাক্স তারকা সীমানার কোন খোঁজ ছিল না। ধারাবাহিক কিংবা একখণ্ড নতুন কোন নাটকেই তাকে অভিনয় করতে দেখা যায়নি। এ নিয়ে অনেকের মাঝে জেগেছিল নানা প্রশ্ন। বেশ কিছুদিন আগেই সংগীতশিল্পী পারভেজকে বিয়ে করে সংসারী হয়েছেন সীমানা। বিয়ের পর হয়তো মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন তিনি- এমন ধারণা করছিলেন অনেকে। কিন্তু সবার ধারণাকে ভুল বলেই আখ্যা দিয়েছেন তিনি। বিয়ের পর নতুন সংসার গুছিয়ে উঠতে একটু সময়ের দরকার। তাই টিভি নাটকের কাজ থেকে অনেকটা অঘোষিত ছুটি নিয়েছিলেন। এ প্রসঙ্গে সীমানা বলেন, আমি হারিয়ে যাইনি। নাটকের কাজও ছেড়ে দিইনি। প্রচার চলতি ধারাবাহিকগুলোর কাজ শেষ করে কিছুদিন বিরতি নিয়েছি। বিয়ের পর সংসারটা গুছিয়ে উঠতে কিছু সময় দরকার। এটা সত্য যে, বিরতিতে যাওয়ার সময় কাউকে কিছুই জানানো হয়নি। তাই আমাকে অনেকে ভুল বুঝেছেন। আশা করি এখন থেকে আর সেটা হবে না। আগের মতোই নিয়মিত টিভি 
নাটকে কাজ করে যাবো। গত বছর থেকে শুটিং শুরু হওয়া ইরানী বিশ্বাসের পারিচালনায় ‘পিএইচডি সালমান’ নামে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ চলছিল তার। নানা করণে নাটকটির শুটিং শেষ হয়নি। সমপ্রতি সে নাটকেরই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সীমানা। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এ নাটকটির কাজ এক বছর আগে শুটিং শুরু হয়েছিল। বিভিন্ন কারণে মাঝে শুটিং স্থগিত থাকে। তবে এখন আবার নতুন করে নাটকটির শুরু হয়েছে। এতে আমার সঙ্গে আ.খ.ম. হাসান অভিনয় করছেন। এটি কমেডি-রোমান্টিক ঘরানার নাটক। প্রচার শুরু হলে দর্শক নাটকটি দেখে উপভোগ করবেন বলে বিশ্বাস করি। এ নাটক ছাড়াও একুশে টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘মামার হাতের মোয়া’ নাটকেও অভিনয় করছেন এ অভিনেত্রী। পাশাপাশি নতুন আরও কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ হাতে রয়েছে বলেও জানান তিনি। স্ক্রিপ্ট, শুটিং লোকেশন সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে নাটকগুলোর কাজে হাত দেবেন সীমানা। এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকগুলোর স্ক্রিপ্ট এখনও হাতে আসেনি। সব ঠিকঠাক হলে আগামী মাসেই কাজ শুরু করবো। এতদিন টিভি নাটক থেকে দূরে থেকে অনেক মিস করেছি সবাইকে। খুব খারাপও লেগেছে। কিন্তু কি আর করা। সাংসারিক ঝামেলা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগছিল বলেই এমনটা হয়েছে। আমি তো মনে করেছি খুব অল্প সময়ের মধ্যেই সব গুছিয়ে উঠতে পারবো। কিন্তু এত সময় লাগবে তা ভাবিনি। এমনটা হবে জানলে সবাইকে জানিয়েই বিরতিতে যেতাম। যাই হোক, এখন তো ফিরেছি! আশা করছি নতুন উদ্যমে আবারও কাজ করবো। ভাল কিছু নাটকে অভিনয় করে নিয়মিত দর্শকের মাঝে থাকবো। টিভি অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্রেও নাম লেখাতে চান সীমানা। ভাল গল্প ও চরিত্র পেলে নতুন কোন ছবিতে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছেন তিনি। সীমানা জানান, চলচ্চিত্রের জন্য অনেক আগে থেকেই প্রস্তাব পাচ্ছি। কিন্তু ভাল গল্প ও চরিত্র পাচ্ছি না। এবার যদি ব্যাটে-বলে মিলে যায় তবেই ছবিতে অভিনয় করবো।

এ জাতীয় আরও খবর