মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে বোনকে হত্যা করল ভাই

news-image

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কালীনগরে ভাত দিতে দেরি হওয়ায় সৎ ভাইয়ের এলোপাতাড়ী দায়ের কুপে প্রাণ গেল বোনের। শনিবার (১২ এপ্রিল) দুপুরে জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র বকুল মিয়া (২০) বেশ কিছুদিন থেকে মানসিক রোগে ভোগছিল। ঘটনার সময়ে তার প্রতিবেশি সৎ বোন আব্দুল মালিকের স্ত্রী ২ সন্তানের জননী হেনা বেগমের বাড়ীতে গিয়ে ভাত খেতে চায়। ভাত দিতে দেরি হওয়ায় ঘাতক বকুল তার বোন হেনাকে দা দিয়ে এলোপাতাড়ী কুপাতে থাকে।

হেনার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বকুলকে বেঁধে রাখেন এবং হেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুলকে আটক করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হক জানান, স্বাস্থ্য কেন্দ্রে হেনাকে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জুড়ী থানার এস আই সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য হেনা বেগমের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।