ধামরাইয়ে এক প্রকৌশলী ও তাঁর স্ত্রীকে আটকিয়ে চাঁদা দাবি
ধামরাই: ধামরাই উপজেলায় এক প্রকৌশলীকে জোরপূর্বক আটকিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ঐ ভুক্তভোগী প্রকৌশলীর নাম মামুন হোসেন। তিনি আজিম গ্রুপে কর্মরত আছেন।
ঘটনাসূত্রে জানা গেছে, উপজেলার বাথুলি এলাকায় আজিম গ্রুপের নির্মাণাধীন ”গ্লোবাল স্টিল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং কারখানার ওজন স্কেলে কর্মরত শ্রমিকরা প্রকৌশলী মামুন এবং তার স্ত্রীকে আটকিয়ে রেখে চাঁদা দাবি করে। এ ঘটনায় ৫ মে (শনিবার) কারখানার ওজন স্কেলে সালিশ বৈঠক বসে মিমাংসা করা হয়।
ভুক্তভোগী ও সালিশ বৈঠকে অংশগ্রহনকারীরা জানায়, গ্লোবাল স্টিল কারখানার ইঞ্জিনিয়ার মামুন হোসেন বাথুলী ওজন স্কেলের পাশে এক সেনা সদস্য’র বাসায় ভাড়া থাকেন। ওই বাসায় ৩ মে (বৃহস্পতিবার) তার স্ত্রী আসেন ঢাকা থেকে। এতে সন্দেহ হলে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনে কর্মরত শফিকুল ইসলাম, নাছির উদ্দিন, হিমেল, মাসুদ, আমিনুরসহ কয়েকজন মিলে মামুনের ভাড়া করা বাসায় গিয়ে তাদেরকে আটক করে। তারা স্বামী স্ত্রী পরিচয় দিলেও অভিযুক্তরা কোনরুপ কর্ণপাত করেনি। এক পর্যায়ে তারা তাদের কাছে টাকা দাবি করে। তখন টাকা দিতে অস্বীকার করায় মামুনকে মারপিটও করা হয়।
পরে ওজন স্কেলের কর্মরত চাঁদাবাজরা মোবাইল ফোনে মামুনের শাশুড়িকে জানায়, আপনার মেয়েকে এক ছেলেসহ আটক করা হয়েছে থানায়। টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ওজন স্কেলের ম্যানেজার মিজানুর রহমান ঢাকা থেকে ছুটে আসেন এবং পরিস্থিতি অনুকূলে আনতে মিজানুর রহমান ওই স্কেলেই সালিশ বৈঠক বসান। সালিসে জুরি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ইঞ্জিনিয়ার মামুন হোসেনের পা ধরে ক্ষমা প্রার্থনা করে অপরাধীরা।
এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িতরা অন্যায় স্বীকার করায় সালিস বৈঠকে মাফ চাওয়ানো হয়েছে। ওজন স্কেলে কর্মরত শফিক ধামরাই থানার এক কর্মকর্তার আত্মীয় পরিচয়ের দাপটে এ কাজ করেছে বলে জানা গেছে। তবে ঐ কর্মকর্তার নাম জানা যায় নাই।











