সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।
আর কোটা সংস্কার আন্দোলনের কর্মী কানিজ ফাতেমা, আফসানা সাফা, একরামুল হক, আল ইমরান হোসাইন, লীনা মিত্র, আরজিনা হাসান, লুবনা জাহান প্রমুখ উপস্থিত আছেন।
এর আগে বিকেল পৌনে চারটার দিকে দুটি মাইক্রোবাসে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। সচিবালয়ে যাওয়ার আগে ফারুক হাসান গণমাধ্যমকর্মীদের বলেন, তারা পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের ব্যাপারে আলোচনা করতে সচিবালয়ে যাচ্ছেন। সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে অনেক আশা নিয়ে যাচ্ছেন। সরকার তাদের যুক্তিসঙ্গত দাবি মেনে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দাবি আদায় না হলে শিক্ষার্থীরা এবার ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেন মামুন।
পাঁচ দফা দাবিগুলো হলো-কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ না দেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করা ও কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ প্রদান করা।
এর অাগে, রবিবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধকে কেন্দ্র করে, রাজধানীর শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও গাড়িতে আগুন দেন শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
এদিকে, রবিবার বিক্ষোভের সময় আটককৃতদের আজকের মধ্যে মুক্তি না দিলে সারা দেশের সড়কপথ অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা রবিবার বিকেল ৩টায় অবস্থান নেয় শাহবাগ মোড়ে। প্রায় পাঁচ ঘন্টা রাজধানীর গুরুত্বপূর্ণ এ পয়েন্টে অবস্থান নেয়ায় আশপাশে সৃষ্টি হয় তীব্র যানজট। পুলিশ শিক্ষার্থীদের বারবার রাস্তা থেকে সরে যেতে বললেও, শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থাকেন। সে সময় তারা বলেন, সংসদে চলা অধিবেশন থেকে কোটা সংস্কারের বিষয়ে ইতিবাচক ঘোষণা না আসা পর্যন্ত রাস্তা ছাড়বেন না। রাত ৮টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিপেটা শুরু করে।
পরে, আন্দোলনকারীরা ঢাকা বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস, চারুকলা, কেন্দ্রীয় মসজিদ ও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। রাস্তায় আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর রাতভর দফায় দফায় চলতে থাকে এ সংঘর্ষ।
সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। নানা কর্মসূচি পালনের পর রবিবার পদযাত্রার কর্মসূচি দিয়ে শাহবাগে অবস্থান নেয় তারা। গেল ১৪ই মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয়ে যেতে চাইলে পুলিশি ধরপাকড় ও আটকের শিকার হন শিক্ষার্থীরা।











