বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রের সামনে থেকে প্রশ্নসহ শিক্ষক গ্রেপ্তার

news-image

শনিবার উপজেলার মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান।

গ্রেপ্তার আমজাদ হোসেন নাহীন শ্রীপুরের রেড়াইদেরচালা আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব।

এসআই মাহমুদুল জানান, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হওয়ার পর বেলা পৌনে ১১টার দিকে ওই শিক্ষক কেন্দ্রের বাইরে যাচ্ছিলেন। এসময় সন্দেহ হওয়া গেইটের কাছে তাকে তল্লাশি করা হলে তার কাছে রচনামূলক (গণিত) প্রশ্নপত্র পাওয়া যায়।

“এ ব্যাপারে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।”

কেন্দ্র সচিব শাহজাহান বলেন, “বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে চলতি বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কারণ দর্শানো নোটিশ ও পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এদিকে কালীগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে মোবাইল ফোনে উত্তর দেখে পরীক্ষা দেওয়ার সময় তিন ছাত্র ও দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষককে আটক করা হয়েছে।

আটকরা হলেন, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিব কুমারদেব নাথ ওরফে সবুজ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম ওরফে মানিক।

ছাত্ররা হল প্রণয় দাস, সঞ্জয় শীল ও সজিব দাস।

সকালে উপজেলার নোয়াপাড়া মায়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন জানান।