শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরি মেয়েটির মণিপুরি নাচ

3c4d2f8d4406a73a2b3a7ebc370be207-3‘মণিপুরি মেয়েদের মণিপুরি নাচ শেখার শুরুটা হয় ছোটবেলা থেকেই। আর তা হয় পরিবার থেকে। আমিও নাচ শিখেছি খুব ছোটবেলায়, মায়ের কাছে। এরপর প্রশিক্ষণও নিয়েছি। যাঁদের কাছে নাচ শিখেছি, তাঁরা প্রত্যেকেই আমার আত্মীয়। এবার আমি টেলিছবিতে মণিপুরি নাচ নেচেছি।’ বললেন শানারেই দেবী শানু।

শানু মণিপুরি মেয়ে। ২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপর অভিনয় করেছেন টিভি নাটক ও টেলিছবিতে। মাঝে বিয়ে আর সন্তান হওয়ার কারণে বছর চারেক দূরে সরে ছিলেন। এখন আবার নিয়মিত কাজ করছেন তিনি। এবার তিনি অদ্ভুত আঁধারে টেলিছবিতে মণিপুরি নাচ নেচেছেন। টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। প্রচারিত হবে ঈদে।

মণিপুরি নাচ নেচে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছিলেন শানু। বললেন, ‘নানা কারণে নাচটা আর নিয়মিত করা হয় না। অদ্ভুত আঁধারে টেলিছবির গল্পটা একটু অন্য ধরনের। আমার একাকিত্বের গল্পও বলতে পারেন। এখানে কল্পনায় আমি মণিপুরি নাচ নেচেছি।’

এই টেলিছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শানু, রাজীব সালেহীন ও গোলাম ফরিদা ছন্দা।