বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের যত্নে যা খাবেন

news-image

দৃষ্টিশক্তি না থাকলে পৃথিবী অন্ধকার। আজকাল আমরা কমবেশি সবাই চোখের সমস্যায় ভুগি। শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো চোখের যত্ন নেয়াটাও খুব জরুরি। বড়দের পাশাপাশি ছোটদেরও হয় চোখের সমস্যা।

অল্পবয়সী ছেলে-মেয়েদেরও দেখা যায় মোটা লেন্সের চশমা পরতে। তবে আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আনি তাহলে চোখের সমস্যা অনেকটাই এড়ানো যায়। চোখকে সুস্থ রাখতে আসলে নিয়মিতই কিছু খাবার দরকার।

সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মাধ্যমে চোখ ভাল রাখা যায়। এ ধরনের খাবার খেলে চোখ খারাপ হওয়ার ঝুঁকিও কমে যায়। নিয়মিত এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণ করলে চোখের জটিল সমস্যা যেমন-বাধর্ক্যজনিত কারণে চোখের সমস্যা, গ্লুকোমা, রাতকানা, চোখের শুষ্কতা, রাতকানা ইত্যাদি এড়ানো সম্ভব।

এখানে কিছু খাবারের কথা উল্লেখ করা হলো যা আপনার চোখ ভাল রাখতে সাহায্য করবে।

মাছ : বিভিন্ন ধরনের মাছ চোখের জন্য বিশেষ উপকারী। স্যামনের মতো ওমেগা ৩ সমৃদ্ধ সামুদ্রিক মাছ চোখ ভাল রাখতে সাহায্য করে। মাছের তেলও চোখের জন্য বেশ কার্যকরী। এগুলো চোখের শুষ্কতা রোধ করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা একারণে সপ্তাহে অন্তত তিনদিন মাছ খাওয়ার পরামর্শ দেন।

ডিম : চোখের জন্য ডিম দারুন উপকারী খাবার। এতে চোখের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদান ভিটামিন এ, লিউটিন, জিঙ্ক পাওয়া যায়।

আখরোট ও বাদাম : আখরোট ও বাদাম চোখের জন্য খুবই কার্যকরী। আখরোটে থাকা ভিটামিন এ চোখ ভাল রাখতে সহায়তা করে। নিয়মিত বাদাম খেলে বার্ধক্যজনিত চোখের অসুখ অনেকটা কমে যায়।

দুধ : দুধ বা দুধজাতীয় খাবার যেমন-দই চোখ ভাল রাখতে সহায়তা করে। এতে ভিটামিন এ, জিঙ্ক, খনিজ উপাদান থাকে যা চোখের কর্ণিয়া, রেটিনা ভাল রাখে। এ ধরনের খাবার রাতকানা রোগের ঝুঁকিও কমায়।

গাজর : গাজরে প্রচুর পরিমানে ভিটামিন এ এবং বিটা ক্যারেনাটিন থাকে, যা চোখের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। এসব উপাদান চোখের যেকোন ধরনের সংক্রমন এবং জটিল রোগ সারাতে সাহায্য করে।

কমলা : কমলার মতো লেবুজাতীয় যেসব ফলে ভিটামিন সি থাকে সেগুলি চোখের জন্য অনেক উপকারী।

এছাড়া সব ধরনের তরতাজা ফলমূল , সবজি ,সবুজ শাক চোখের রক্ত সরবরাহ করতে সাহায্য করে। চোখের নানা ধরনের রোগ প্রতিরোধ করে।