প্রশ্নফাঁসে সরকারি লোকজন জড়িত: দুদক
সারাদেশে যত জায়গায় প্রশ্নফাঁস হয়েছে সেসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্য ড. নাসির উদ্দিন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব সার্কুলার দিয়েই সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।
রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এক বৈঠকে ড. নাসির উদ্দিন এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক কমিশনার বলেন, প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে গভর্নিং বডির কার্যক্রমসহ প্রতিটি সাধারণ কাজ অনলাইনভিত্তিক করার ব্যবস্থা করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস কীভাবে ঠেকানো যায় এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।











