বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ফিরলেন হারিরি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মঙ্গলবার রাতে দেশে ফিরলেন `জীবনের শঙ্কায় পদত্যাগের ঘোষণা দেওয়া’ লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পার করে তিনি রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বুধবার হারিরির দেশে ফেরার খবর দিয়ে বলা হয়, সৌদি আরবের বিরুদ্ধে তাকে অপহরণ করার অভিযোগ এনেছিল তার দেশ। রাজনীতিবিশ্লেষকরাও তার পদত্যাগের নেপথ্যে সৌদি চাপকেই কারণ মনে করেন।

সৌদি আরব সফরে গিয়ে এক টেলিভিশন ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার ১৮ দিনের মাথায় তিনি নিজ দেশে ফিরেছেন হারিরি।

জানা গেছে, ব্যক্তিগত বিমানে তিনি বৈরুত বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় লেবাননের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে তিনি সাইপ্রাসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে দেশটির প্রেসিডেন্ট নিকোস অ্যানাসতাসিয়াদসের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেব প্রাণভয়ের কথা উল্লেখ করেন তিনি। এজন্য দায়ী করেন ইরান ও হিজবুল্লাহকে।

তবে বিশ্লেষকদের ধারণা সৌদি আরবের চাপেও পদত্যাগ করেছেন হারিরি। তবে পদত্যাগের ঘোষণা দিলেও লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেননি এবং তাকে বৈরুতে ফিরে নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি হারিরি বলেছেন, বৈরুত পৌঁছার আগ পর্যন্ত তিনি নিজের পদত্যাগ নিয়ে কোন কথা বলবেন না। আল জাজিরা জানিয়েছে, তিনি বুধবার লেবাননের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পদত্যাগের কথা ঘোষণা করার পর টানা দুই সপ্তাহ রিয়াদে অবস্থান করেন হারিরি। এরপর গত শনিবার তিনি রিয়াদ থেকে প্যারিসে যান এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন।