বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরিয়ে ফেলা হলো ‘সেলফি হিটলার’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে ইন্দোনেশিয়ার একটি জাদুঘরে দর্শনার্থীদের সেফলি তোলার জন্য রাখা এডলফ হিটলারের একটি আপাদমস্তক ভাস্কর্য শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হলো।

জাদুঘরে রাখা হিটলারের মূর্তির পেছনে রয়েছে নাৎসি বাহিনীর সেই বর্বর অশউইৎজ নির্যাতনশালার ছবি। এ অবস্থায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন দর্শনার্থীরা। এ নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

ইন্দোনেশিয়ার জাভায় জগজাকার্তা শহরের ডি আরকা স্ট্যাচু আর্ট জাদুঘরে স্থাপন করা হয় হিটলারের ভাস্কর্যটি। সেলফি তোলার উদ্দেশ্যে এটি স্থাপন করা হয় বলে ভাস্কর্যটি ‘সেলফি হিটলার’ নামে পরিচিতি পেয়েছে।

জাদুঘরের অপারেশন ম্যানেজার জামি মিসবাহ দাবি করেছেন, ‘আমরা কোনো বিতর্কে উসকে দিতে চাইনি। শিক্ষার উপকরণ হিসেবে আমরা ভাস্কর্যটি রেখেছিলাম।’

হিটলারের ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার উদ্দেশ্যে বিভিন্ন বয়সি লোকজন ভিড় করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ঝোঁক এদিকে বেশি। কখনো কখনো দেখা যাচ্ছে, কমলা পোশাক পরে নাৎসি বাহিনীর মতো স্যালুট দেওয়ার ঢঙে তরুণ-তরুণীরা ছবি তুলছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে।

এ অবস্থায় বিশ্বজুড়ে অনেকে এর নিন্দা করেছে। তবে জাদুঘর কর্তৃপক্ষ দাবি করেছে, সেলফি হিটলার নিয়ে দর্শনার্থীদের মধ্যে কেউ কখনো অভিযোগ করেনি।

ইহুদি মানবাধিকার সংস্থা দি সাইমন উইসেনথাল সেন্টারের রাব্বি আব্রাহাম বলেছেন, ‘এ নিয়ে যা হচ্ছে, তার পুরোটাই ভুল। এটি কতটা অবমাননাকর, তা প্রকাশের ভাষা খুঁজে পাওয়া দুরুহ।’

তথ্যসূত্র : বিবিসি অনলাইন