বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নখের যত্নে দারুণ কিছু উপকারী টিপস

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর হাত এবং হাতের নখ সকলেই চায়। শুধুমাত্র সুন্দর নয়, শক্ত এবং উজ্জ্বল হাতের নখ সৌন্দর্য্যের মাঝে ভিন্ন মাত্রা এনে দেয়। হাতের নখ অকারণে এবং অযত্নে লম্বা করলেই সুন্দর হয় না। তার জন্যে প্রয়োজন নখের সঠিক যত্ন, সঠিক পরিচর্যা, সঠিক মাপে নখ কেটে রাখা। যেহেতু আমাদের হাতের মাধ্যমেই সকল কাজ করতে হয়, তাই হাত ও সুন্দর নখের জন্য প্রয়োজন হয় বাড়তি কিছু সতর্কতা ও যত্নের।

মেনিকিউর এর কথা কমবেশি সকলে জানি। তবে নিজে ঘরে বসেও নখের পরিচির্যা করা যায় খুব দারুণভাবে। তেমনই ছোট কিন্তু প্রয়োজনীয় ও উপকারী কিছু টিপস জেনে নিন আজকে।

১/ নখের নেইলপলিশ দীর্ঘস্থায়ি করুন
পছন্দের নেইলপলিশ দেওয়ার পরে খুব দ্রুত উঠে যায় বলে মন খারাপ করার দিন শেষ! নেইলপলিশ নখে লাগানোর আগে তুলার বলে ভিনেগার নিয়ে নখে লাগিয়ে নিন। এরপর নেইলপলিশ ব্যবহার করুন। এতে করে নখে দীর্ঘদিন নেইলপলিশ সুন্দভাবে থাকবে।

 

২/ নখ ভেঙে যাওয়া রোধে লবণ-পানি
খুব সামান্য বড় হলেই অনেকের নখ ভেঙে যায়। নখ ভেঙে যাওয়ার এই সমস্যা রোধে এক লিটার পানিতে চার চা চামচ লবণ ভালোভাবে মেশাতে হবে। এই মিশ্রণে হাতের নখ ১৫ মিনিট এর জন্য ডুবিয়ে রেখে দিয়ে এরপর শুকনো করে মুছে নিতে হবে। সবশেষে হাতে ভালো কোন হ্যান্ড ক্রিম লাগাতে হবে।

 

৩/ নখের উজ্জ্বলতা বৃদ্ধিতে গোলাপজল
অনেকের হাতের নখ একেবারেই অনুজ্জ্বল হয়ে থাকে। সেক্ষেত্রে নখ উজ্জ্বলতা আনতে ৪০ মি.লি গোলাপজলের সাথে ১০ মি.লি গ্লিসারিন মিশিয়ে তুলার বলের সাহায্যে নখে ঘষে ঘষে লাগাতে হবে।

 

৪/ নখ শক্ত করতে হ্যান্ড ক্রিম
আমাদের হাতের নখ শরীরের যেকোন অংশের ত্বকের চাইতে ১০ গুণ বেশী পাতলা! যে কারণে সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পর নখ খুব বেশী পাতলা এবং ভঙ্গুর হয়ে যায়। সাধারণত এমন সময় নখ বেশী ভেঙ্গে থাকে। এই সমস্যা দূর করতে প্রতিবার হাত ধোয়ার পর হাতে ব্যবহৃত হ্যান্ডক্রিম নখেও ব্যবহার করতে হবে। এতে করে নখ শক্ত থাকবে।

 

৫/ নেইল ফাইল ব্যবহার করা
নেইল ফাইল ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে, ফাইল শুধুমাত্র একদিকেই (one direction) ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় কাগজের ফাইল ব্যবহার করা। কারণে মেটালের ফাইল ব্যবহার করা অনেক ক্ষেত্রেই নখ ও নখের পাশের চামড়ার জন্য ক্ষতিকর হতে পারে।

 

৬/ অ্যাসিটোন-ফ্রি নেইলপলিশ রিমুভার ব্যবহার করা
নেইলপলিশ ব্যবহার করলে তার সাথে সাথে নেইলপলিশ রিমুভার ব্যবহার চলে আসবেই। তবে নেইলপলিশ রিমুভার ব্যবহার নখকে অনেক বেশী ভঙ্গুর করে দেয়। যে কারণে নেইলপলিশ রিমুভার কেনার পূর্বে সবসময় রিমুভারের গায়ে ‘অ্যাসিটোন-ফ্রি ফর্মুলা বেসড নেইলপলিশ রিমুভার’ দেখে কিনতে হবে। এই রিমুভার অন্যান্য রিমুভার থেকে তুলনামূলক কম ক্ষতিকর।

 

৭/ গ্লাভস পড়ার অভ্যাস করা
যাদের রান্নাবান্না করতে হয় গ্লাভস পড়ার অভ্যাস করাটা তাদের জন্য বেশী প্রয়োজনীয়। কারণ, রান্নাবান্নার জন্য অনেক কিছু কাটাবাছা করার প্রয়োজন হয়, নানান ধরণের মশলা ব্যবহারের প্রয়োজন হয়, বারবার হাত ধোয়ার প্রয়োজন হয়। এতে করে হাতের নখ খুব দ্রুত ভেঙ্গে যাওয়ার সম্ভবনা দেখা দেয়। সেক্ষেত্রে গ্লাভস পরে কাজ করার অভ্যাস গড়ে তুললে নখ ভেঙ্গে যাওয়ার সমস্যা দেখা দেবে না।

 

৮/ নেইলপলিশ দেওয়ার পূর্বে বেইসকোট ব্যবহার করা
পছন্দনীয় নেইলপলিশে নখ রাঙ্গানোর ইচ্ছা হলেও দেখা যায় নেইলপলিশ ব্যবহারে নখ অনেক সময় হলদেটে হয়ে যায়। এই সমস্যা প্রতিরোধে নেইলপলিশ ব্যবহারের পূর্বে নখে বেইসকোট লাগিয়ে নিতে হবে। তাহলে নখে হলুদভাব দেখা দেওয়ার সমস্যা তৈরি হবে না।

 

৯/ নেইলপলিশ শুকাতে ব্লো-ড্রায়ার ব্যবহার করা যাবে না
নেইলপলিশ নখে লাগানোর পরে সেটা শুকানোর জন্য কিছু সময় দেওয়া প্রয়োজন। অনেকেই নেইলপলিশ শুকানোর জন্য ব্লো-ড্রায়ার ব্যবহার করেন। যেটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং ফ্যানের বাতাসের সাহায্য শুকাতে হবে।