বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবর-শাদাবে পাকিস্তানের জয়

news-image
স্পোর্টস ডেস্ক : বাবর আজমের সেঞ্চুরি ও শাদাব খানের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৩২ রানে হারাল পাকিস্তান। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দলটি।
সোমবার দিবারাত্রির এই ম্যাচে পাকিস্তান দলও ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দেয়। ব্যতিক্রম ছিলেন শুধু বাবর আজম ও শাদাব খান। বাবরের সেঞ্চুরি ও শাদাবের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২১৯ রান করে পাকিস্তান। ওই রান তাড়া করতে গিয়েই কুপোকাত শ্রীলঙ্কা। পাকিস্তানি বোলারদের সামনে আত্মসমর্পণ করে ৪৮ ওভারে ১৮৭ রানে অলআউট হয় তারা।
লাহিরু গামাগের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ৭৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। অসাধারণ এক সেঞ্চুরি করে পাকিস্তানকে সেখান থেকে পথ দেখান বাবর। খেলেছেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ১৩৩ বলের বলে ৬ চারের মারে এ রান করেন তিনি। চলতি সিরিজের প্রথম ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচেও সেঞ্চুরি (১০৩) করেছিলেন বাবর। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন শাদাব খান। অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন তিনি। গামাগে ৫৭ রান দিয়ে নেন ৪ উইকেট।
ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন শাদাব। তার কার্যকরি স্পিনের সঙ্গে পাকিস্তানের অন্য বোলারদের সম্মিলিত সাফল্যে লঙ্কান ব্যাটসম্যানরাও চরমভাবে ব্যর্থতার পরিচয় দেন। ব্যতিক্রম শুধু উপুল থারাঙ্গা। লঙ্কান অধিনায়ক ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১২ রান করে। তবে অন্যদের ব্যর্থতায় থারাঙ্গার সেঞ্চুরি বিফলেই গেছে। ব্যাট হাতে হাফসেঞ্চুরির পর বল হাতে ৪৭ রান খরচায় ৩ উইকেট তুলে নেন শাদাব। সেই সুবাদে হয়েছেন ম্যাচসেরাও।