দক্ষিণ আফ্রিকা সফর শেষ মোস্তাফিজের
স্পোর্টস ডেস্ক :ইনজুরি যেন কিছুতেই এগুতে দিচ্ছে না কাটার মাস্টারকে। পুরো এক বছর তো কেটেছিলো কাঁধের চোটের ভোগান্তিতে। এবার আবার নতুন ভোগান্তি। গোড়ালির চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরের ইতি টানতে হচ্ছে মোস্তাফিজকে।
গেলো শনিবারের (১৪ অক্টোবর) ঘটনা। কিম্বার্লিতে অনুশীলনের সময় পা মচকে যায় মুস্তাফিজের। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামা হয়নি দ্য ফিজের।
মোস্তাফিজের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথাটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘ব্যাপারটা কাল থেকে আমরা সবাই জানি। মুস্তাফিজের যখন থেকে লেগেছে তখন থেকে জানি ও আউট অব দ্য টুর্নামেন্ট।’
মোস্তাফিজের স্ক্যানিংয়ের রিপোর্ট এখনো হাতে আসেনি। ঐ রিপোর্ট হাতে আসলেই বলা যাবে কাটার মাস্টার কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন।
সোমবার (১৬ অক্টোবর) কেপ টাউন যাবে টিম বাংলাদেশ। সেখানে মুস্তাফিজুরের স্ক্যান করা হবে। স্ক্যান শেষে তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।











