মুশফিকের সেঞ্চুরিতে ২৭৮ রানে থামল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মুশফিকের সেঞ্চুরিতে ২৭৮ রান করেছে বাংলাদেশ।
স্কোর: বাংলাদেশ ২৭৮/৭ ।
মুশফিকুর রহিম (১১০*), সাইফউদ্দিন(১৬), নাসির হোসেন (১১), সাব্বির রহমান (১৯), মাহমুদউল্লাহ (২৬), সাকিব (২৯), লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১)।
মুশফিকের সেঞ্চুরি: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লির ডায়মন্ড ওভালে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। ওয়ানডেতে এটি তার পঞ্চম সেঞ্চুরি। ১০৮ বল খেলে ১০ চার ও ২ ছক্কায় শতরান পূরণ করেন টাইগার এ টেস্ট অধিনায়ক। রাবাদার বলে ডাবলস নিয়ে সেঞ্চরির উদযাপনে মাতলেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের এটা প্রথম সেঞ্চুরি। এর আগে প্রোটিয়াদের বিপক্ষে সৌম্য সরকার চট্টগ্রামে সর্বোচ্চ ৯০ রানের ইনিংসটি খেলেছিলেন।
বাংলাদেশের ২০০: মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং ভর করে দলীয় ২০০ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ৩৯.২ ওভারে দলীয় ২০০ ছাড়িয়ে গেছে টাইগাররা।
মাহমুদউল্লাহকে ফেরালেন প্রিটোরিয়াস: দলীয় ১৯৫ রানের মাথায় বাংলাদেশের চতু্র্থ উইকেট হিসেবে সাজঘরে ফিরলেন মাহমুদউল্লাহ। ক্রিজে থিুত হওয়া মুশফিকের সঙ্গে ভালোই প্রতিরোধ গড়ে তুলছিলেন তিনি। প্রিটোরিয়াসের বলে ইনিংসের ৩৯তম ওভারে মিলারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৬ রানে ফেরেন মাহমুদউল্লাহ। তার আউটে চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ৬৯ রানের জুটির অবসান হয়।
মুশফিক-মাহমুদউল্লাহ জুটির ফিফটি: সাকিব আল হাসান ফেরার পর মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন মুশফিকুর রহিম। মাহমু্দউল্লাকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৫২ বল মুকাবিলায় এ জুটির ফিফটিতে মুশফিক ২৯ ও মাহমুদউল্লাহ ১৮ রান করেছেন।
মুশফিকের ফিফটি: ইনিংসের ২৯ তম ওভারের দ্বিতীয় বলে পিটারসেনকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে ব্যক্তিগত পঞ্চাশ রানে পৌঁছে যান মুশফিকুর রহিম। ৫২ বল খেলে ৬ চার ও ১টি ছক্কায় ফিফটি করেন মুশফিক। এটি তার ২৭তম ওডিআই ফিফটি।
সাকিবকে ফেরালেন তাহির: উদ্বোধনী দুই ব্যাটসম্যানের আউটের পর বাংলাদেশের হাল ধরেন সাকিব ও মুশফিক। ওয়ানডেতে ২০০ উইকেট ও ৫ হাজারি ক্লাবে পৌঁছার পর ধীরভাবেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু মুশফিকের সঙ্গে তার ৫৯ রানে জুটি ভাঙেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ইনিংসের ২৬তম ওভারে তাহিরের করা শেষ বলে স্লিপে হাশিম আমলার হাতে ধরা পড়েন সাকিব। সাজঘরে ফেরার আগে ৪৫ বল মোকাবিলায় ২৯ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বাংলাদেশের একশ: ২১.১ ওভারে শতরানে পৌঁছেছে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে বাংলাদেশ এ রান সংগ্রহ করেছে।
ইতিহাস গড়লেন সাকিব: দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। তবে এ মাইলফলকে পৌঁছে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৫০০০ রান পূর্ণ করা সাকিব বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। ১৭৮ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট পেয়েছিলেন।
প্রিটোরিয়াসের বলে ফিরলেন ইমরুল: শর্ট বলে ইমরুলের দূর্বলতা বুঝে বারবার একই জায়গায় বল করে যাচ্ছিলেন প্রিটোরিয়াস। ধারাবাহিক বোলিংয়ে দ্বিতীয় ওভারেই পেয়ে যান সাফল্য। লেগ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল ফ্লিক করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন ৩১ রান করা ইমরুল কায়েস। ৪৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ইমরুলের আউটের সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৬৩।
চার বছর পর তিনে সাকিব: ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো তিনে ব্যাটিং করেছিলেন সাকিব। ১৫৮ রানে তামিম ও এনামুলের উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত রান তুলতে সাকিব তিনে নেমেছিলেন। কিন্তু গোল্ডেন ডাক মারেন সাকিব। চার বছর পর আবার সাকিব তিনে ব্যাটিংয়ে নেমেছেন।
ভালো শুরুর পর আউট লিটন: কাগিসো রাবাদা ও ডেন পিটারসেনের বোলিং সামলে দারুণ শুরু করেছিলেন লিটন কুমার দাস। পুল, কাভার ড্রাইভ ও স্ট্রেইট ড্রাইভে বল বাউন্ডারিতে পাঠিয়েছিলেন একাধিকবার। কিন্তু ভালো শুরুর পর ইনিংসটিকে বড় করতে ব্যর্থ ডানহাতি ব্যাটসম্যান। ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান করে আউট উইকেট রক্ষক ব্যাটসম্যান। কাগিসো রাবাদার বলে দ্বিতীয় স্লিপে ডু প্লেসির হাতে ক্যাচ দেন লিটন। তার আউটের সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৪৩।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ: শনিবার অনুশীলনের আগে ফুটবল খেলার সময় পা মচকে যাওয়ায় প্রথম ওয়ানডে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজও মিস করতে পারেন মুস্তাফিজ। আজ মুস্তাফিজের পায়ে স্ক্যান করানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজম্যান্ট।
ম্যাচ ফিটনেস নেই তামিমের: ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তামিম। ফিট হয়ে নেটে ফিরলেও ম্যাচ ফিটনেস নেই তামিমের।
সাইফউদ্দিনের অভিষেক: ১২৫তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আজ ওয়ানডে অভিষেক হল মোহাম্মদ সাইফউদ্দিনের। এর আগে পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।
ডেন পিটারসনের যাত্রা শুরু: প্রোটিয়াদের ৪ টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছেন ডেন পিটারসেন। ডানহাতি এ পেসারের মাথায় আজ উঠল ওয়ানডে ক্যাপ।
ডেভিড মিলারের ‘সেঞ্চুরি’: মাঠে নেমেই সেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড মিলার। আজ শততম ওয়ানডে খেলছেন হার্ডহিটার এ ব্যাটসম্যান। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন জার্সিতে যাত্রা শুরু করেন কিলার মিলার।
চার বছর পর কিম্বার্লিতে ওয়ানডে ম্যাচ: ২০১৩ সালের জানুয়ারিতে কিম্বার্লিতে সবশেষ ওয়ানডে ম্যাচ হয়েছিল। চার বছর পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৮ সালে অভিষেকের পর এই মাঠে ওয়ানডে হয়েছে মাত্র ১২টি। এখানে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ও ২০০৩ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে।











