বাংলাদেশের সপ্তম উইকেটের পতন
স্পোর্টস ডেস্ক : ব্লুমফন্টেইন টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেড় ঘন্টা পর খেলা মাঠে গড়িয়েছে।
স্কোর : বাংলাদেশ ৩৪.৩ ওভারে ১২২/৭।
দক্ষিণ আফ্রিকা : ৫৭৩/৪ ডিক্লে. (মার্করাম ১৪৩, ডু প্লেসিস ১৩৫*, হাশিম আমলা ১৩২ ও ডিন এলগার ১১৩)।
প্রতিরোধ ভেঙ্গে তাইজুলের বিদায়: দলের ব্যাটসম্যানদের তুলনায় ব্যাট করতে নেমে বেশ ধৈর্য্যর পরিচয় দিলেন তাইজুল ইসলাম। লিটন দাসের সঙ্গে দারুণ বোঝপড়ায় প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি। ৩৮ বল মোকাবিলা করে লিটন দাসকে সঙ্গ দেন তিনি। অ্যাঙ্গেল বদলে রাউন্ড দা উইকেটে গিয়ে তাইজুলকে (১২) বোল্ড করেন ওলিভিয়ের।
শূন্য রানেই ফিরলেন সাব্বির: বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির। চা বিরতির পর ইমরুলের আউটের রেশ না কাটতেই ফিরলেন তিনি। রাবাদার করা স্টাম্পের বাইরের ফুল লেংথ বলটি ড্রাইভ করলেন সাব্বির। এক্সট্রা কাভারে থাকা পার্নেলের হাতে ধরা পড়ে শূন্য রানে বিদায় নিয়েছেন তিনি।
চা বিরতির পর ফিরলেন ইমরুল: চা বিরতির আগেই চার উইকেট হারায় বাংলাদেশ। বিরতির পর প্রথম ওভারেই উইকেট বিসর্জন দেন ইমরুল কায়েস। ইনিংসের ১৮তম ওভারে রাবাদার করা তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে ইমরুলের ব্যাট ছুঁয়ে ডি ককের হাতে জমা হয়। সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন বাঁহাতি এ ওপেনার।
দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহ: দলের টপঅর্ডারদের ব্যর্থতায় লাগাম টেনে ধরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। উল্টো দ্রুত সাজঘরে ফিরে দলকে আরও বিপদে ফেলে দিলেন মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। ওয়েইন পার্নেলের শর্ট অফ লেংথ বল মাহমুদউল্লাহর ব্যাটের কানা ছুঁয়ে ডি ককের হাতে ধরা পড়ে। ফলে মাত্র ৬ বল খেলে ৪ রানে আউট মাহমুদউল্লাহ।
দুর্দান্ত ক্যাচে মুশফিকের বিদায়: ব্যাট হাতে প্রথম ইনিংসে খুব একটা ভালো করতে পারেননি দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তবে দুর্দান্ত এক ক্যাচে বাংলাদেশ অধিনায়ক মুশফিককে আউট করে নজর কেড়েছেন তিনি। ডুয়ানে অলিভিয়েরের বলে অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেংথ বলটি মুশফিক কাট করেন। কিন্তু গালিতে ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে অসাধারণ এক রিফ্লেক্স ক্যাচে টাইগার দলপতিকে ফেরান বাভুমা। আর তাতেই ব্যক্তিগত ৭ রানে হতাশা নিয়ে সাজঘরে ফিরতে হয় মুশফিককে।
সৌম্যর পর মুমিনুলের বিদায় : সৌম্য সরকারের দ্রুত আউটের পর প্রতিরোধ গড়তে পারেননি ওয়ানডাউনে নামা মুমিনুল হক। ৭ বল খেলে ব্যক্তিগত ৪ রানে ফিরলেন টেস্ট স্পেশালিস্ট এ ব্যাটসম্যান। ডুয়ানে অলিভিয়েরের করা শরীর বরাবর শর্ট বলটি ছাড়তে দেরি করেছিলেন তিনি। আর তাতেই বল তার গ্লাভসে লেগে উইকেটরক্ষকের হাতে জমা হয়।
রাবাদার বলে বোল্ড সৌম্য : বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারেই সাজঘরে ফিরেন সৌম্য। কাগিসো রাবাদার করা চতুর্থ ওভারের চতুর্থ বলে সৌম্য সরকারের লেগ স্ট্যাম্প উড়ে যায়। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৯ রান করেন তিনি।
অবশেষে ইনিংস ঘোষণা : পচেফস্ট্রুমে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইনে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় স্বাগতিকরা। তবে এবার আরেকটু এগিয়ে ৪ উইকেটে ৫৭৩ রানে ইনিংস ঘোষণা দিল দলটি। আজ দ্বিতীয় সেশনে ৭ ওভারে ৪৩ রানে উঠানোর পর ইনিংস ঘোষণা দেয়। চার সেঞ্চুরিতে ওভার প্রতি ৪.৭৮ রান রেটে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা।
জুটি ভাঙলেন শুভাশীষ : লাঞ্চের পর মাঠে ফিরেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যান মাঠে ফিরেই দ্রুত রান বাড়ানোর প্রচেষ্টা চালান। ওই সময়ই শুভাশীষের বলে বোল্ড হয়ে ফেরেন আমলা। অফ স্ট্যাম্পের বাইরে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে হয়নি তার। ফলে বোল্ড হয়ে ১৩২ রানে ফিরতে হয় তাকে। আর তার আউটে চতুর্থ উইকেটে দক্ষিণ আফ্রিকার ২৪৭ রানের জুটি ভাঙে।
পাঁচ’শ ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা : ৩ উইকেট হারিয়েই পাঁচ’শ রান ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে আরও আক্রমণাত্মক দলটি। চার সেঞ্চুরিতে ভর করে ১০৮.১ ওভারেই পাঁচ’শ ছাড়াল প্রোটিয়ারা।
আমলা-ডু প্লেসিস জুটির ডাবল সেঞ্চুরি : শুক্রবার টেম্বা বাভুমা আউট হওয়ার পর জুটি বাঁধেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন ইতিমধ্যে দুই শতাধিক রান তুলে নিয়েছেন। ৪৪.২ ওভার ব্যাট করে তারা দুজন এই রান তোলেন। আমলা ১১৩ ও ডু প্লেসিস ৯৮ রানে অপরাজি আছেন।
স্মিথকে ছাড়িয়ে আমলা : দক্ষিণ আফ্রিকার হয়ে সবথেকে বেশি ৪৫ সেঞ্চুরি জ্যাক ক্যালিসের। ২৭ সেঞ্চুরি নিয়ে পরের স্থানটিতে ছিলেন গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে স্মিথকে ছাড়িয়ে গেলেন আমলা। মুস্তাফিজের বল পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৭ থেকে ১০১ রানে পৌঁছান আমলা। ৮৯ রানে প্রথম দিন অপরাজিত ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁতে বেগ পেতে হয়নি বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে। বাংলাদেশের বিপক্ষে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ১১৩ বলে ১৪ বাউন্ডারিতে মাইলফলকে পৌঁছান আমলা।
লাঞ্চের আগেই খেলা শুরু : সকালের এক পাশলা বৃষ্টিতে ধুয়ে যায় ব্লুমফন্টেইন। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা বৃষ্টিতে পণ্ড হবে। তবে ক্রিকেটপ্রেমিদের জন্য সুখবর। বৃষ্টি থেমেছে। মধ্যাহ্ন বিরতির আগেই শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ব্যাট-বলের লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। মধ্যাহ্ন বিরতি হবে বিকেল ৫টায়।
বৃষ্টি কমেছে : সকাল থেকে ব্লুমফন্টেইনে মুষলধারে বৃষ্টি হলেও এখন বৃষ্টি কিছুটা কমেছে। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তবে আকাশ এখনও মেঘলা। মাঠ এখনও কভার দিয়ে ঢাকা। মাঠকর্মীরা জানিয়েছে, পুরোপুরি বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে ৬০ থেকে ৯০ মিনিটের সময় প্রয়োজন।
বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব : সকাল থেকেই ব্লুমফন্টেইনের আকাশে কালো মেঘ। রাতের বৃষ্টিতে পুরো শহরটাই ধুয়ে গিয়েছিল। সকাল থেকেও অবিরাম বৃষ্টি। মানগাউং ওভালের আউটফিল্ড কভার দিয়ে ঢাকা। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে অলস সময় কাটাচ্ছেন।
কোথায় থামবে দক্ষিণ আফ্রিকা? বাংলাদেশের বিপক্ষে টেস্ট দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান ৭ উইকেটে ৫৮৩। ২০০৮ সালে চট্টগ্রামে এ রান করেছিল প্রোটিয়ারা। ব্লুমফন্টেইনে প্রথম দিনই ৪২৮ রান তুলেছে ফাফ ডু প্লেসির দল। প্রশ্ন একটাই, ৪.৭৫ গড়ে রান তোলা দক্ষিণ আফ্রিকা কোথায় গিয়ে থামবে?
৬০০ রানের ভেতর থামানোর লক্ষ্য : বাজে বোলিংয়ে প্রথম দিনই নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিয়েছেন প্রথম দিনেই। দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী? অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ৬০০ রানের ভেতরে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং থামানোর লক্ষ্য বাংলাদেশের।











