বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বলেই এমন পারফরম্যান্স!

news-image

স্পোর্টস ডেস্ক :পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৯০ রানেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের সঙ্গী ৩৩৩ রানের পরাজয়। সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম একহাত নিলেন দলের পেসারদের। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তবে দক্ষিণ আফ্রিকার অচেনা কন্ডিশনে ক্রিকেটারদের কাঁধে হাত রাখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

 

মঙ্গলবার রাজধানীর মিরপুরে মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাভার এক অনুষ্ঠানে মাশরাফি কথা বলেন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট নিয়ে। দক্ষিণ আফ্রিকার অচেনা কন্ডিশনের কথা মনে করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় যে একটা বাজে দিন গেছে। দক্ষিণ আফ্রিকায় গেলে বুঝবেন ওই কন্ডিশনে খেলা আমাদের জন্য কতোটা কঠিন। উইকেট আমরা যা আশা করেছিলাম তার থেকে ভাল ছিল। তবুও দক্ষিণ আফ্রিকার পেসাররা যত সহজে আমাদের চেপে ধরেছে সে তুলনায় আমাদের ব্যাটসম্যানদের কাজটা সহজ ছিল না।’

 

টস জিতে ফিল্ডিং নেন মুশফিক। পরিকল্পনা ছিল শুরুর দুই-তিন ঘন্টায় উইকেট থেকে সুবিধা আদায় করা। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে দেখা মেলেনি পেস বোলিং সহায়ক উইকেটের। বোলিং সহায়ক না হলেও ব্যাটসম্যানদের জন্য সুবিধা ছিল উইকেটে। তবুও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শেষ সাত উইকেট হারিয়েছে মাত্র ৪১ রানে।
সেই ব্যাটিং দুঃস্বপ্নের কথা টেনে মাশরাফি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে যেটা হয়েছে ক্রিকেটে এমনদিন খুব কম আসে। এটা অবশ্যই হতাশাজনক। এটা আমরা কেউই আশা করিনি। যদি ওভাবে চিন্তা করি আসলেই কঠিন কন্ডিশন। আমার মতে এটা ভুলে গিয়ে পরের ম্যাচে কীভাবে আরও ভাল করা যায় তা নিয়ে ভাবা উচিত।’

সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ব্লুমফন্টেইনে পৌঁছেছে বাংলাদেশ। আগামী ছয় অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানের উইকেট বাউন্সি হবে তা টের পাওয়া গেছে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির কথায়। মাশরাফির আশা দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে হলে বাউন্সি উইকেটের সুবিধা আদায় করে নিতে হবে বাংলাদেশের পেসারদের। অন্যদিকে ব্যাটসম্যানদের কাজটাও বেশ কঠিন করে তুলবেন প্রোটিয়া পেসাররা। বলাই যায় পচেফস্ট্রুম টেস্টে ব্যর্থ হওয়া বাংলাদেশের জন্য সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।