বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় হারের পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের মুখে বাংলাদেশ। সোমবার টেস্টের পঞ্চম ও শেষদিন ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচানোর জন্য নেমেছিল টাইগাররা। তবে ক্যাগিসো রাবাদা ও কেশব মহারাজার বোলিং তোপে পড়ে দ্রুত ৪ উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়ে বাংলাদেশ।

৪২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ রোববার ৩ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে। টেস্টের শেষ দিন ব্যাটিংয়ে নেমে ৪০ মিনিটের ব্যবধানে আরো চার উইকেট হারিয়ে নিশ্চিত পরাজয়ের পথে হাঁটছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৬৮ রান। মেহেদী হাসান মিরাজ ১ ও তাসকিন আহমেদ ০ রান নিয়ে ব্যাট করছেন। সকালের সেশনে একে একে ফিরে যান মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সাব্বির রহমান। আগেরদিন সাজঘরে ফেরেন তামিম ইকবাল, মুমিনুল হক ও ইমরুল কায়েস।

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের শুরুতে ৩২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৭৬ রানে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা রোববার ৬ উইকেটে ২৪৭ রান তোলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে ৪২৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। সেইলক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মুশফিকের দল।

সকালের সেশনের শুরুতেই বাংলাদেশ শিবিরে হানা দেন রাবাদ। তার করা ইনিংসে ১৮তম ওভারের তৃতীয় বলে দলীয় ৬২ রানের মাথায় হাশিম আমলাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশফিক। কিছুক্ষণ পর দলীয় ৬৭ রানের মাথায় মাহমুদউল্লাহকে বোল্ড করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন রাবাদা।

এক ওভার পর আক্রমণে এসে ফের বাংলাদেশ শিবিরে হানা দেন রাবাদা। এবার লিটন দাসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। পরের ওভারে সাব্বিরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর স্বপ্ন শেষ করে দেন মহারাজ।

এর আগে শনিবার ৩ উইকেটে ১২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৩২০ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে মুমিনুল সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৬৬, মুশফিক ৪৪, তামিম ৩৯, সাব্বির রহমান ৩০, লিটন ২৫ এবং শেষ দিকে মোস্তাফিজুর রহমান করেন ১০ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মহারাজ তিনটি এবং দুটি করে উইকেট নেন মরনে মরকেল ও ক্যাগিসো রাবাদা। একটি করে উইকেট নেন ডোয়াইন অলিভিয়ে ও আন্দিলে ফেলুকওয়ে।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ ব্যাটিংয়ের দিনে ডাবল সেঞ্চুরি মিসের হতাশায় পুড়েন ডিন এলগার। ১৯৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে আউট হন তিনি।

দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান এবং সবমিলিয়ে ১২তম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলেন এলগার। এদের মধ্যে দুজন সঙ্গীর অভাবে ১৯৯ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এছাড়া আমলা ১৩৭, এইডেন মার্করাম ৯৭ রানের ইনিংস খেলেন। টেম্বা বাভুমা ৩১ এবং ফাফ ডু প্লেসিস ২৬ রানে অপরাজিত থাকেন।