বৃষ্টিদিনে ইলিশ-খিচুড়ি
লাইফস্টাইল ডেস্ক : মাঝে-মাঝে বৃষ্টি, খানিকটা পর আবার রোদ। ইলিশ-খিচুড়ির উপযুক্ত সময় বুঝি এটাই। ভোজন রসিকরা বৃষ্টিস্নাত দিনে ভীষণ পছন্দ করেন ইলিশ-খিচুড়ি। চলুন এবার ইলিশ-খিচুড়ি রেসিপির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক-
সরিষা বাটা ইলিশ উপকরণ
ইলিশ মাছ ৪ টুকরো, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণ মতো, সরিষা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি করা ৮-১০টি, পেঁয়াজ বাটা আধা কাপ।
প্রণালি
মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর একে একে সব বাটা ও গুঁড়া উপকরণ এবং লবণ দিয়ে মসলা ভালো করে কষান। মসলা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরো, কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে ঢেকে ৫ মিনিট মাখামাখা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
চিংড়ি মাছের ভর্তা উপকরণ
ছোট চিংড়ি ১ কাপ, কিউব করে পেঁয়াজ কাটা আধা কাপ, রসুন টুকরো ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৮-১০টি, কাঁচামরিচ ৫-৬টি এবং লবণ স্বাদ অনুযায়ী, সামান্য সরিষার তেল।
প্রণালি
চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে তাতে চিংড়ি মাছের সঙ্গে অন্য সব উপকরণ দিয়ে ধীরে ধীরে ভাজতে থাকুন। চিংড়ি মাছ বেশ মচমচে করে ভাজা হলে সেটি গরম গরম চুলা থেকে নামিয়ে পাটায় মিহি এবং শুকনো করে বেটে নিন। তারপর সাজিয়ে পরিবেশন করুন।
পাঁচমিশালি ডালের খিচুড়ি উপকরণ
সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, আদাবাটা আধা টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, সরিষার তেল আধা কাপ ও পানি পরিমাণমতো।
প্রণালি
প্রথমে বুট, মটর ও মাষকলাইর ডাল পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চালের সঙ্গে মসুর ও মুগডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে একে একে সব বাটা ও গুঁড়া মসলা, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। তারপর তাতে চাল, ডাল এবং গরম মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পরে তেজপাতা, কাঁচামরিচ ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে আধ ঘণ্টা চুলায় রেখে রান্না করুন। খিচুড়ি মাখামাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
দই ইলিশ উপকরণ
ইলিশ মাছের টুকরো ৪-৫টি, টক দই আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, তেজপাতা ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৭-৮টি, পানি ও তেল পরিমাণমতো।
প্রণালি
মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। পাত্রে ঘি এবং তেল একসঙ্গে গরম করে নিন। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মসলা, টক দই, তেজপাতা ও স্বাদ অনুযায়ী লবণ এবং পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। তারপর মাছের টুকরোগুলো মসলায় ঢেলে তাতে সামান্য পানি ও কাঁচামরিচ দিয়ে রান্না করুন ১০ মিনিট। মাছ মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
আস্ত ইলিশ ভাজা উপকরণ
মাঝারি আকারের একটি ইলিশ মাছ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ ও ধনেপাতা বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং ভাজার জন্য তেল।
প্রণালি
ইলিশ মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এখন আস্ত ইলিশে সব বাটা ও গুঁড়া মসলা এবং লবণ মাখিয়ে গরম তেলে এপিঠ-ওপিঠ মচমচে করে ভেজে পরিবেশন করুন।











