গরুর গোশতের বারবিকিউ সালাদ
লাইফস্টাইল ডেস্ক : সামনেই কোরবানির ঈদ। তাই এই ঈদকেকে ঘিরে যারা রান্না-বান্না পছন্দ করেন তাদের নতুন কিছু করার আগ্রহও বেশি থাকে। ভিন্ন ভিন্ন স্বাদের নতুন কিছু তৈরি করতে চায় সৌখিন মানুষ জন। এমনই একটি রেসিপি হলো গরুর গোশতের বারবিকিউ সালাদ।
এটি প্রস্তুত করতে যা যা উপকরণ লাগবে:
গরুর গোশত আধা কেজি, শসা লম্বা স্লাইস আধা কাপ, গাজর লম্বা স্লাইস আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, চাল ভাজা গুঁড়া চার ভাগের এক কাপ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন চপকাট ১ চা চামচ, কাঁচামরিচ চপকাট ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি :
প্রথমে গোশত ১ ইঞ্চি লম্বা করে কেটে ফ্রাই প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে স্যালো ফ্রাই করে নিন। সব সবজি লম্বা স্লাইস করে কেটে হালকা স্যালো ফ্রাই করে নিন। এবার সার্ভিং ডিশে সব উপকরণ একেক করে নিয়ে লেবুর রস, অলিভ অয়েল, ধনেপাতা কুচি, আদা, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ একসঙ্গে মিশিয়ে মেখে নিন। ওপরে চালভাজা গুঁড়া দিয়ে পরিবেশন করুন।
এখন বাসায় বসে সহজেই রেসিপিটা চেষ্টা করুন এবং ঈদের আনন্দটা পরিপূর্ণ করুন।











