সেরেব্র্যাল অ্যাটাক! ঝুঁকি এড়ানোর উপায়… কী করলে বাঁচবে রোগীর প্রাণ
লাইফস্টাইল ডেস্ক :মস্তিষ্কের একটি অংশে যদি হঠাৎ রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়, সেরেব্র্যাল অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। মস্তিষ্কে অক্সিজেন ও নিউট্রিয়েন্টস্ বয়ে নিয়ে যায় রক্ত। সুতরাং, মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে কোশগুলি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। ক্রমশ মৃত্যুর মুখে চলে যেতে শুরু করে রোগী। ডাক্তারি ভাষায় এর পুরো নাম সেরেব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (Cerebrovascular accident or CVA)।
অনেকটা হার্ট অ্যাটাকের মতো ধারা এই রোগের। জানান দিয়ে আসে না। একবার অ্যাটাক করলে রোগীকে একদম সময় দেয় না লড়াই করার। রোগীর শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হতে শুরু করে।
স্ট্রোকের উপসর্গগুলি কী কী?
মস্তিষ্কের কোনও অংশে আচমকা রক্ত চলাচল বন্ধ হতে পারে। সেই থেকে স্ট্রোক হতে পারে। ছোটো অংশে রক্ত চলাচল বন্ধ হলে “মাইল্ড অ্যাটাক”। আর বড় অংশ জুড়ে যদি অ্যাটাকটা হয়, সেটা “ম্যাসিভ অ্যাটাক”। মাইল্ড অ্যাটাক হলে রোগীকে বাঁচানো সম্ভব। কিন্তু ম্যাসিভ অ্যাটাকে রোগীর প্রাণ নিয়ে টানাটানি হয়। তার উপর রোগীর বয়সটাও গুরুত্বপূর্ণ বিষয়। অল্প বয়সে মাইল্ড অ্যাটাকে রোগী বাঁচে। বড়জোড় শরীরের অর্ধেকটা প্যারালাইজ়ড হয়ে যায়। কিন্তু যদি বার্ধক্যে স্ট্রোক হয়, মাইল্ড বা ম্যাসিভ, উভয়ক্ষেত্রেই প্রাণসংশয় হতে পারে। স্ট্রোক হলে রোগীর শরীরে বেশ কয়েকটি উপসর্গ লক্ষ্য করা যায়, যা দেখে স্পষ্ট করে বলা যেতে পারে স্ট্রোক হয়েছে।
রোগী হঠাৎ নিশ্চুপ হয়ে যেতে পারে। শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যেতে পারে। মুখ বেঁকে যেতে পারে। শরীরের কোনও একটা দিক অসাড় হয়ে যেতে পারে।
রোগীর ব্যবহারে হতভম্বভাব লক্ষ্য করা যায়। তিনি ভাবলেশহীনভাবে তাকিয়ে থাকতে পারেন।
কথা বলতে বলতে হঠাৎ কথা জড়িয়ে যেতে পারে।
খাবার গিলে খেতে অসুবিধা হতে পারে।
হাঁটতে-চলতে অসুবিধা হতে পারে। রোগী পড়ে যেতে পারে। শরীরিক ভারসাম্য হারিয়ে যেতে পারে।
রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।
*এসব লক্ষ্য করলে রোগীকে নিয়ে সময় নষ্ট না করে তৎক্ষণাৎ হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যান।
স্ট্রোক ক’প্রকার ও কী কী?
মূলত দু’ধরনের স্ট্রোক হয় – এসকিমিক ও হেমারেজ।
1]এসকিমিক স্ট্রোক – মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ হলে, রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে পারে। তারও আবার দু’টি ধরন আছে। যেমন
থ্রমবোটিক স্ট্রোক : মস্তিষ্ক ও গলার সংযোগস্থানে রক্ত জমাট বাঁধালে মস্তিষ্কে রক্ত চলাচল দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। এই স্থানে মেদের পরিমাণ বেশি থাকলে থ্রমবোটিক স্ট্রোক হতে পারে।
এমবলিক স্ট্রোক : হৃদযন্ত্রের ধমনীতে রক্ত জমাট বাঁধলে এই স্ট্রোক হতে পারে।
2]হেমারেজ স্ট্রোক – মস্তিষ্কের ধমনীগুলি ফেটে যেতে শুরু করলে হতে পারে হেমারেজ স্ট্রোক। হেমারেজ স্ট্রোক দু’প্রকার। যেমন
সাবআর্কনয়েড হেমারেজ : মস্তিষ্কের চারপাশের এলাকার ধমনী ফেটে গেলে হতে পারে।
ইন্ট্রাসেরেব্র্যাল হেমারেজ : মস্তিষ্কের ভিতরে ধমনী ফাটলে হেমারেজ হতে পারে।
কী কী কারণে স্ট্রোক হতে পারে?
যত বয়স বাড়ে স্ট্রোকের সম্ভাবনাও বাড়ে। কিন্তু জীবনযাপনে অনিয়ম ও কাজের প্রেশারের কারণে আজকাল অল্পবয়সি ছেলেমেয়েদেরও স্ট্রোক হতে পারে। দেশ-বিদেশের বিভিন্ন সমীক্ষা বলছে, মহিলাদের তুলনায় পুরুষদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আগে একবার স্ট্রোক হয়ে গেলে বারংবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জেনেটিক কারণেও স্ট্রোক হতে পারে।
এসকিমিক স্ট্রোক কী কী কারণে হয় –
উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থাকলে অবহেলা করবেন না। নিয়মিত ওষুধ খেয়ে প্রেশার নিয়ন্ত্রণে রাখুন।
হৃদস্পন্দনে অসামঞ্জস্য থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
সিগারেট খাওয়া ত্যাগ করতে হবে। না হলে বাড়তে পারে স্ট্রোকের সম্ভাবনা।
অতিমাত্রায় অ্যালকোহল খাবেন না।
শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলুন। ওবিসিটি থাকলে স্ট্রোক হতে পারে।
ডায়াবিটিজ় স্ট্রোক হওয়ার অন্যতম কারণ।
হাই কোলেস্টেরল থাকলে নিয়ন্ত্রণে নিয়ে আসুন।
খাদ্যাভাসের দিকে নজর দিন। নিয়মিত এক্সারনাইজ় করুন। না হলে বাড়তে পারে স্ট্রোকের সম্ভাবনা।
হেমারেজ স্ট্রোক কী কী কারণে হয় –
হাই ব্লাড প্রেশার থাকলে হতে পারে।
ধূমপান করলে বাড়তে পারে সম্ভাবনা।
অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধে হতে পারে স্ট্রোক।
হেমফিলিয়া বা থ্রম্বোসাইটোপিনিয়ার মতো ব্লিডিং ডিজ়অর্ডার থাকলে হতে পারে।
মাথায় কোনও আঘাত লাগলে হতে পারে।











