সন্তানের মা প্রতিবন্ধী, বাবা কে?
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীর সন্তান জন্ম নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রতিবন্ধী ওই যুবতীর দাবি অনুযায়ী, তার সন্তানের বাবা মমিনুর রহমান (২৯)। মমিনুর আদিতমারী উপজেলার দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের দবিয়ার রহমান মঞ্জুরের ছেলে। মমিনুর দুই সন্তানের জনক। সে বর্তমানে চট্টগ্রামে পালিয়ে রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
ওই যুবতীটি জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধি ছিলেন। বাবা-মায়ের মৃত্যুর পর জ্যাঠা সাবেক ইউপি সচিব আফতাব উদ্দিনের উঠানের এক কর্ণারে স্থানীয়দের সহযোগিতায় এক ছায়লা খুপড়ি ঘরেই বসবাস করত। জন্ম প্রতিবন্ধী ওই মেয়েটির বাবা-মা কেউ বেঁচে নেই। এলাকায় দিনের বেলায় প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ করত সে।
প্রতিবন্ধি ওই মেয়েটি কৈশোর পেড়িয়ে যৌবনে পা রাখলেও সেদিকে কারও খেয়াল ছিল না। হঠাৎ তার শরীরে পরিবর্তন দেখে এলাকায় কানা-ঘোষা শুরু হয়। প্রশ্ন উঠে কে করেছে তার এ সর্বনাশ? কোনো উত্তর মেলাতে পারেনি প্রতিবেশীরা। অবশেষে স্থানীয়দের আয়োজনে বৈঠকে অনুষ্ঠিত হয়।
বৈঠকে মেয়েটি জানায়, তার ঘরে প্রতি রাতে আসত প্রতিবেশী মমিনুর রহমান। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতি রাতেই তার ঘরে আসত মমিনুর। বৈঠকে মমিনুরকে ডাকা হলে তিনি বাড়ি ছেড়ে চট্রগ্রাম পালিয়ে যান। শেষে বৈঠকে আগতরা আর্থিক সহায়তা দিয়ে মেয়েটির দায়িত্ব নেন।
০৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে হঠাৎ পেটের ব্যথায় ছটফট করতে থাকে মেয়টি। স্থানীয়রা তাকে নিয়ে আসেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তি রেজিস্টারে স্বামীর নাম লিখা নিয়ে বিতর্ক বাঁধলেও স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় বাবার পরিচয়ে ভর্তি করানো হয় তাকে। সেখানে রাতে একটি ফুটফুটে ছেলে সস্তান প্রসব করেন প্রতিবন্ধী মেয়েটি।
চিকিৎসকরা জানান, গাইনী ওয়ার্ডে মা ছেলে দু’জনে সুস্থ রয়েছেন। তবে নবজাতকের সুস্থতার জন্য মেয়েটিকে যত্ন ও পুষ্টিকর খাবার দেওয়া দরকার।
স্থানীয় সংবাদকর্মীদের কাছে শুনে রাতেই হাসপাতালে আসেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়। মেয়েটির কাছে বিস্তারিত শুনেই তার চাচাতো ভাই আনোয়ারুলের স্ত্রী আর্জিনা বেগমকে বাদি করে মমিনুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করান ওসি হরেশ্বর রায়।
আদিতমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম আম্বিয়া আদিল জানান, বুদ্ধি প্রতিবন্ধী হলেও তার মাতৃত্ববোধ অনেক প্রখর।
মামলাটির তদন্ত চলছে জানিয়ে আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। মমিনুরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।











