চোখ উঠলে সতর্কতা জরুরি
অনলাইন ডেস্ক : নব্বই দশকে নগরবাউল জেমস গেয়েছিলেন ‘ওই চোখে তাকিও না, তুমি লুটপাট হয়ে যাবে’ …
আবহাওয়ার গতিবিধি ভেদে যেকোন সময় চোখ উঠতে পারে। তাই সতর্ক থাকা দরকার এর প্রতিকার ও প্রতিরোধের ব্যাপারে। বিস্তারিত জানাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষুরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শওকত কবীর।
পিঙ্ক আই
চোখ ওঠা রোগকে চিকিৎসাশাস্ত্রে কনজাংটিভাইটিস বা পিঙ্ক আই বলে। আর এখন যে চোখ ওঠা রোগ দেখা দিয়েছে সে ক্ষেত্রেও চোখ ভয়ানকভাবে লাল হয়ে যায়। দেখতে ভয়ানক হলেও রোগটি ততটা ভয়ঙ্কর নয়। তবে চোখ বলে কথা। এজন্য আক্রান্ত হলেই সবাই অনেকটা অস্বস্তিতে ভোগেন: কখন কী হয়ে যায়! রোগটি অধিকাংশ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়ে থাকে। রোগটি ব্যাকটেরিয়া, অ্যালার্জি কিংবা কেমিক্যালের কারণেও হতে পারে।
সতর্ক থাকুন
চোখ ওঠা এক ধরনের ছোঁয়াচে রোগ। মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির ধরা বস্তু ও পানির মাধ্যমেও রোগটি ছড়াতে পাড়ে। প্রধান উপসর্গের মধ্যে চোখ লাল হওয়া, চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া এবং চোখের কোণে ময়লা জমা উল্লেখযোগ্য।
কী উপায়?
অ্যালার্জিজনিত কারণে চোখ উঠলে প্রধান চিকিৎসা হলো চোখে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিতে হবে এবং এ ক্ষেত্রে নন-স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ অথবা অ্যান্টি হিস্টামিন দেওয়া যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত কারণে চোখ উঠলে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই এটি ভালো হয়ে যায়। আর যদি রোগটি তিন দিনের বেশি স্থায়ী হয় অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ অথবা মলম ব্যবহার করা যেতে পারে। ভাইরাসজনিত কারণে চোখ ওঠার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ ক্ষেত্রে ঠাণ্ডা পানি এবং কৃত্রিম চোখের পানি দিলে ভালো ফল পাওয়া যাবে। কেমিক্যালের কারণে চোখ ওঠার ক্ষেত্রে রিঙ্গার ল্যাকটেট অথবা স্যালাইন পানি দিয়ে চোখ ধুতে হবে। কোনো কারণে চোখ উঠেছে নিশ্চিত হতে হলে করতে হবে সোয়াব কালচার পরীক্ষা। অধিকাংশ ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা ছাড়াই চোখ ওঠা ভালো হয়ে যায় এবং রোগটি স্থায়ী হতে পারে দুই থেকে পাঁচ দিন। তাই এই রোগ নিয়ে সত্যিই শঙ্কিত হওয়ার কিছু নেই।











