‘ইসরায়েলি গুপ্তচররাই খুন করেছে হামাস কর্মকর্তাকে’
আন্তর্জাতিক ডেস্ক : গত মার্চে হামাসের উচ্চপদস্থ কর্মকর্তা মাজেন ফাকহাকে হত্যার দায়ে আটককৃত তিন সন্দেহভাজন স্বীকার করেছে ইসরায়েলের নির্দেশেই তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
গাজার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা অনলাইনের।
গত ২৪ মার্চ হামাসের সামরিক শাখার সদস্য ফাকহাকে গাজা সিটিতে নিজ বাসার দরজায় মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তাওফিক আবু নাইম বলেন, সন্দেহভাজনরা স্বীকার করেছে, তাদের উপর ফাকহা ও তার বাসার উপর নজর রাখার নির্দেশ ছিল। গাজা এলাকায় একটি বড় নিরাপত্তা অভিযানের পর ৪৫ জনের মতো ফিলিস্তিনি গুপ্তচরদের একটি দলকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। যোগাযোগের জন্য তারা টেলিফোন ও অন্যান্য যন্ত্র ব্যবহার করেছিল।
পাঁচ দিন আগে ১১ মে হামাস জানায়, তারা ফাকহার হত্যাকারীকে গ্রেপ্তার করেছে এবং ইসরায়েলের আদেশেই সন্দেহভাজন এ ঘটনা ঘটিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার নবনির্বাচিত প্রধান ইসমাইল হানিয়া জানিয়েছিলেন, আরো নতুন তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
হামাস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কীভাবে ধাপে ধাপে ফাকহাকে অনুসরণ করা হয় ও তাকে হত্যার ষড়যন্ত্র বাস্তবে পরিণত করা হয়। আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ভিডিও প্রস্তুত করা হয় বলে জানায় হামাস। হামাস দাবি করে, এই ভিডিও তাদের দাবির সত্যতা প্রমাণ করে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তবে মাজেন ফাকহা ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় প্রথম পাঁচজন সন্ত্রাসীর মধ্যে একজন।
২০০৩ সালে ফাকহা ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর থেকে গ্রেপ্তার হন। তখন তিনি হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইসরায়েলিদের উপর হামলা চালানোর ষড়যন্ত্র করার কারণে তার নয় দফায় যাবজ্জীবন দেওয়া হয়। কিন্তু ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বিনিময়ে গাজা এলাকায় ১০০০ ফিলিস্তিনি বন্দীর সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়।
ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপর বিচারবহির্ভূত হত্যা চালিয়ে আসছে। ২০০৪ সালে হামাস প্রধান শেখ আহমেদ ইয়াসিনকে গাজায় হত্যা করে তারা।
হামাস ২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে। এই ক্ষুদ্র এলাকায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস। অন্যদিকে, গত এক দশকব্যাপী ইসরায়েলি অবরোধ গাজার জনজীবন দুর্বিষহ করে তুলেছে। পাশাপাশি গাজার সঙ্গে মিশরের সীমান্তও অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ রাখা হয়েছে।











