বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত সেনার সংখ্যা নিয়ে আফগানিস্তান-পাকিস্তানের ভিন্ন দাবি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে পাল্টা হামলায় ৫০ আফগান সেনা নিহত হওয়ার যে দাবি করেছে পাকিস্তান, তা প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান।

পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের শীর্ষ কূটনীতিক ওমর জাখিলওয়াল সোমবার দাবি করেন, ৫০ নয়, মাত্র দুজন সেনা নিহত ও সাত সেনা আহত হয়েছেন পাকিস্তানি বাহিনীর গুলিতে।

জাখিলওয়াল তার টুইটার পেজে দাবি করেন, সোমবার পাকিস্তানের সব সংবাদমাধ্যমের প্রথম পৃষ্ঠায় বেলুচিস্তানের চামান সীমান্তে দুই দেশের সংঘর্ষে ৫০ আফগান সেনা নিহত ও ১০০ জন আহত হওয়ার যে খবর সাড়ম্বরে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো, মাত্র ২ সেনা নিহত ও সাতজন আহত হয়েছেন।

সেনাদের নিহত হওয়ার ঘটনাকে উদযাপন না করে বরং একে দুঃখজনক ও পরিতাপের বিষয় হিসেবে অভিহিত করার আহ্বান জানান তিনি।

রোববার পাকিস্তানের বেলুচিস্তানের ফ্রন্টিয়ার কোরের ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল নাদিম আঞ্জুম দাবি করেন, গত সপ্তাহে চামান সীমান্তে বিনা উসকানিতে আফগান সেনাদের হামলার জবাবে পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ আফগান সেনা নিহত ও শতাধিক সেনা আহত হয়েছেন।

তিনি আরো জানান, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলায় সীমান্তের চার-পাঁচটি তল্লাশিচৌকি ধ্বংস হয়েছে। ৫ মে আফগান সেনারা যুদ্ধবিরতে ফেরার আহ্বান জানালে পাকিস্তান তা গ্রহণ করে।

শুক্রবার শুমারি কাজ চলার সময় আফগান সেনাদের হামলায় ১২ জন নিহত ও ৪০ জন আহত হওয়ার পর সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর