বিজেপিকে ঠেকাতে মমতার ভরসা কিশোর কুমারের গানে!
আন্তর্জাতিক ডেস্ক :‘দেখো ও দিওয়ানো তুম ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো’- কিশোর কুমারের এই গানে মজেছিল ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী। সেসময় দেব আনন্দ, মুমতাজ এবং জীনাত আমন অভিনীত হিন্দি ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’ দেখেন নি-এমন মানুষ বোধহয় খুঁজে পাওযা কঠিন।
বিজেপিকে ঠেকাতে এবার কিশোরের সেই গানকে হাতিয়ার করে পথে নেমেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ও হিন্দিতে ‘রাম কা নাম বদনাম না করো’(অর্থাৎ রামের নাম নিয়ে বদনাম করবেন না) লেখা বড় বড় হোর্ডিং ও ব্যানারে ছেয়েছে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা।
গেরুয়া রঙের বিশাল আকারের সেই হোর্ডিং-এর একেবারে ওপরে রয়েছে রাম ভক্ত হনুমানের ছবি, মাঝে বড় বড় করে লেখা কিশোরের গানের কয়েকটি শব্দ আর নিচে জ্বলজ্বল করছে তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির ছবি।
এবিষয়ে রাজ্যের কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, বিজেপিকে কাউন্টার করতে আমাদের এই বুদ্ধিদীপ্ত উপায়টি বের করতে হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে কিছু বাইরের সংস্কৃতি চালু করতে চলেছে, যেটা এ রাজ্যের মানুষ কখনওই দেখেনি। কিন্তু বাংলার সংস্কৃতিকে যেটা মানানসই আমরা ঠিক সেই ভাবেই বিজেপিকে প্রতিরোধ করতে চাই। ‘রাম কা নাম বদনাম না করো’-দিয়ে আমরা তার শুরুটা করেছি এবং আগামীতে এরকম আরো নতুন নতুন পথ খুঁজে বের করা হবে। কলকাতা শহরের আরো একাধিক জায়গায় এই ব্যানার ও হোর্ডিং লাগানো হবে বলে জানান তৃণমূলের এই নেতা।
মমতার বিশ্বস্ত এবং তারই দলের নেতা ও সাবেক মন্ত্রী মদন মিত্র এই গানের পরের লাইনগুলোও মনে করিয়ে দিয়ে বলেন, সেখানে নেশাগ্রস্থ অল্প বয়সী যুবকদের উদ্দ্যেশে বলা হচ্ছে, ‘রাম কো সমঝো, কৃষ্ণ কো জানো, নিন্দ সে জাগো, ও মস্তানো’ (রামকে বোঝো, কৃষ্ণকে জানো, ঘুম থেকে জাগো, ও যুবকরা)। ওই লাইনগুলো থাকলে আমাদের বার্তাটা আরো জোরালো হবে’।
প্রায় ৪৬ বছর আগে প্রখ্যাত সুরকার আনন্দ বক্সির সুরে এই গানটিতে মিউজিক দিয়েছিলেন রাহুল দেব বর্মণ। আর এতদিন পর সেই গানটি যে রাজনৈতিক ভাবে হিট হতে চলেছে তৃণমূলের হাত ধরে।
‘রাম’কে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজ্য-রাজনীতি। সঙ্ঘ পরিবারের উদ্যোগে চলতি বছরে ঘটা করে রাম নবমী পালন করা হয়েছে পশ্চিমবঙ্গে। এতো দিন পর্যন্ত ছোট আকারেই সীমাবদ্ধ ছিল এই উৎসবটি। কিন্তু কয়েকদিন আগেই তরবারি হাতে মিছিল, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের প্রতিটি জেলাতেই রাম নবমী পালন করে গেরুয়া শিবিরের নেতাকর্মী-সমর্থকরা। এমনকি মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও অস্ত্র হাতে রাম নবমীর মিছিল করতে দেখা গেছে বলে অভিযোগ। রাজ্য জুড়েই এই মিছিলে ভাল সাড়াও পাওয়া যায়। দীর্ঘদিন পর দলের কর্মী-সমর্থকরাও বেশ চাঙ্গা হয়ে ওঠেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূলের শীর্ষ নেতারা। পদ্মকে ঠেকাতে ঘাসফুলের পক্ষ থেকে নেয়া হয়েছে এই অভিনব উদ্যোগ।
বিজেপির এই উত্থানে রাজ্যের শাসকদল ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও সাবেক বিধায়ক শমীক ভট্টাচার্য।
তিনি জানান, আসলে এখানে কোনো রাম নেই। রাবণ রূপে কিছু মানুষ উদয় হয়েছেন আর সে অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছেন। কিশোর কুমারের সেই গানটির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মনে রাখতে হবে গানটিতে এও লেখা ছিল ‘রাম নে হাস কর সবসুখ ত্যাগে, তু সব দুখ সে ডর কে ভাগে’ (অর্থাৎ হাসিমুখে রাম সব সুখ ত্যাগ করেছিলেন, আর তোমরা দুঃখকে ভয় পেয়ে পালাচ্ছ)।











