দেশে বিনোদন শিল্প গড়ে তুলবে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরব দেশের ভেতরে বিনোদন এবং অবকাশ যাপন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে। এটি গড়ে তুলতে পারলে বছরে দেশটির ২২ বিলিয়ন ডলার আয় সম্ভব হবে।
আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরতে গিয়ে বএ কথা বলেন। মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের অর্থনৈতিক সংস্কারের মূল শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
প্রিন্স সালমান বলেন, দেশের ভেতরে অবকাশ যাপনের এবং বিনোদনের কোন ব্যবস্থা না থাকায় সৌদি আরবের নাগরিকরা বিদেশে গিয়ে বছরে ২২ বিলিয়ন ডলার খরচ করে।
এ অর্থ দেশের ভেতরে রাখতে পারলে তেল বিক্রির ওপর নির্ভরশীলতা কমে আসবে বলে তিনি মনে করেন।
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে এবং শিগগির এ দাম খুব একটা বাড়বে বলে মনে হচ্ছে না। তাছাড়া ইরানের উপর অর্থনৈতিক অবরোধ তুলে নেবার পর দেশটিও এখন তেলের বাজারে এসেছে। ফলে বিশ্ববাজারে তেলের যোগান আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সালমান বলেছেন তেলের যাই হোক না কেন সৌদি আরবের অর্থনৈতিক সংস্কারের দিকে যেতেই হবে।
তিনি বলেন, ‘তেলের দামের সাথে অর্থনৈতিক ভিশনের কোন সম্পর্ক নেই। তেলের দাম বাড়লে আমাদের জন্য ভালো হবে। তেলের দাম কম থাকার বিষয়টি মাথায় রেখেই আমাদের অর্থনৈতিক ভিশনের মূল লক্ষ্য পরিচালিত হচ্ছে। ’
সৌদি ক্রাউন প্রিন্স চ্যালেঞ্জ দিয়ে বলেন, ২০২০ সালে তেল উৎপাদন বন্ধ হয়ে গেলেও সৌদি আরব চলতে পারবে। সালমান বলেন অর্থনৈতিক দিক থেকে বর্তমানে সৌদি আরবের মানুষের জীবনযাত্রা পৃথিবীর সবচেয়ে উন্নত জীবনযাত্রার অন্যতম।
সালমান বলেন, ‘সমস্যা হচ্ছে মানুষের হাতে অর্থ থাকলেও সেগুলো খরচ করার কোন জায়গা দেশের ভেতরে নেই। পৃথিবীর অনেক দেশের মানুষের উপার্জন সৌদি আরবের চেয়ে কম হওয়া সত্ত্বেও তাদের জীবনযাত্রার মান ভালো। কারণ সেসব দেশে বিনোদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা আছে। সেসব দেশের নাগরিকদের উপার্জন কম হলেও তারা সে অর্থ খরচ করতে পারে এবং উপভোগ করতে পারে।’
তিনি মনে করেন জীবনযাত্রার মান উন্নত করার জন্য বিনোদন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের সবচেয়ে বড় ইসলামি জাদুঘর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সৌদি কর্তৃপক্ষের। এ জাদুঘর যাতে ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয় সে বিষয়টিও নিশ্চিত করবে তারা।
সিালমান বলেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামি দেশে একটি ইসলামি জাদুঘর নেই। এটা কীভাবে সম্ভব? যখন কোন অমুসলিম সৌদি আরবে আসে তখন সে ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারে না। কারণ সে কোন জায়গা খুঁজে পায় না যেখানে গিয়ে ইসলাম সম্পর্কে জানতে পারে।’
তিন জানান সৌদি আরব সরকার বর্তমানে দু’ভাবে তাদের আয় বাড়ানোর চেষ্টা করছে। একটি হচ্ছে বিনিয়োগ বাড়ানো এবং অপরটি হচ্ছে তেল বিক্রির বাইরে অন্য খাত থেকে আয়।
সৌদি আরব সরকার ‘গ্রিন কার্ড’ ব্যবস্থা চালু করার বিষয়টি ভাবছে বলে জানান ডেপুটি ক্রাউন প্রিন্স।
সালমান বলেন, ‘আমাদের দেশে দেশে অনেক বিদেশি বসবাস করে। এরা মুসলিম অথবা আরব। অনেকে দশ-বিশ বছর ধরে বসবাস করছে। অনেকে সৌদি আরবে স্থায়ী হয়ে গেছে। কিন্তু তারা দেশের বাইরে অর্থ পাঠিয়ে দিচ্ছে। তারা সৌদি আরবের অর্থনীতি এবং সমাজের অংশীদার হতে চায়। কিন্তু তারা পারছে না। আমরা যদি তাদের সে সুযোগ দেই তাহলে আমাদের দেশে বিনিয়োগ বাড়বে।’
তিনি বলেন এর অর্থ বিদেশীদের সৌদি আরবে নাগরিকত্ব দেয়া নয়, বরং তারা যাতে স্বাধীনভাবে থাকতে পারে তার ব্যবস্থা করা। আগামী পাঁচ বছরের মধ্যে এটি চালু হবে বলে ডেপুটি ক্রাউন প্রিন্স আশা প্রকাশ করেন।











