তুরস্কের ইইউ অধ্যায়ের পরিসমাপ্তি!
আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের ব্যাপারে আগের অবস্থান সরে এসেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এরইমধ্যে এমন ইঙ্গিত দিয়েছেন। এরমধ্য দিয়ে ইইউ’তে অন্তর্ভুক্তির তুরস্কের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল; তা শেষ হতে চলেছে। ইইউ-তে তুরস্কের যোগদান নিয়ে মধ্যস্থতাকারী একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই কর্মকর্তা জানান, ইইউ’তে তুরস্কের যোগদানের চেয়ে এখন উভয়পক্ষ অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করছে।
তুরস্কের ইইউ’তে যোগদানের জন্য কয়েক বছর ধরে চলমান আলোচনা এখন স্থবির হয়ে পড়েছে। ভিন্নমতাবলম্বীদের ওপর এরদোয়ান সরকারের অভিযান, বর্তমান জার্মানিকে হিটলারের নাৎসীবাদের সঙ্গে তুলনার মতো নানা ইস্যুতে ইউরোপের দেশগুলোর সঙ্গে বিরোধের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কের গণভোটে জয়লাভ করে প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানের নিরঙ্কুশ ক্ষমতা পাওয়ার বিষয়টি। কারণ গণভোটে এরদোয়ানের জয়কে ইতিবাচকভাবে নেয়নি ইউরোপের অনেক দেশ।
ইউরোপীয় ইউনিয়নে নতুন সদস্য রাষ্ট্রের অন্তর্ভুক্তির বিষয়টি তদারক করেন ইউরোপীয়ান কমিশনার জোহানেস হান। তিনি বলেন, সবাই স্পষ্টভাবেই জানে যে, অন্তত এখন ইউরোপিয়ান দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে যাচ্ছে তুরস্ক। আমাদের সম্পর্কের কেন্দ্রবিন্দু এখন অন্য কিছু হতে হবে। মাল্টায় ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে জোহানেস রয়টার্স-এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মাল্টার এই বৈঠকে আঙ্কারার সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কের জন্য ফ্রান্স ও জার্মানি নতুন একটি চুক্তি বিবেচনার জন্য প্রস্তাব করেছে।
জোহানেস হান বলেন, ভবিষ্যতে কী ঘটবে তা আমাদের পর্যালোচনা করা উচিত। দেখা উচিত আমরা কোনও ধরনের সহযোগিতামূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারি কিনা।
আনুষ্ঠানিকভাবে তুরস্কের ইইউতে যোগদানের প্রক্রিয়া অবশ্য এখনও শেষ হয়ে যায়নি। গত সপ্তাহে ইইউ’র আইনপ্রণেতারা আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াটি সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন, তুরস্ক এখন আর গণতান্ত্রিক রাষ্ট্রের কাতারে পড়ে না। ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য দেশটিকে বিবেচনা করা যায় না।
এদিকে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইউরোপে প্রবেশের দরজা উন্মুক্ত হওয়ার জন্য তুরস্ক আজীবন অপেক্ষা করবে না।
এক দশক ধরে তুরস্ক ইইউ-এর সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিল। ২০০৫ সালে ইইউ’তে তুরস্কের অর্ন্তর্ভুক্তির আলোচনা শুরু হয়। সংস্থাটি তুরস্কের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী এবং বাণিজ্যিক অংশীদার। ইরাক, সিরিয়া ও কৃষ্ণসাগরে রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে তুরস্কের। সূত্র: রয়টার্স।











